চাকরির বাজারে প্রতিযোগিতা যত বাড়ছে, ততই সরকারি বা আধা-সরকারি সংস্থায় স্থায়ী চাকরির চাহিদা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে বড় সুযোগ এনে দিচ্ছে Life Insurance Corporation of India বা এলআইসি। সংস্থার গৃহঋণ পরিষেবার সঙ্গে যুক্ত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু যোগ্যতা ও পরীক্ষার ধাপ পার করতে হয় চাকরিপ্রার্থীদের।
এই পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতায় কিছু ভিন্নতা রয়েছে। যাঁরা ডাইরেক্ট মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করছেন, তাঁদের যে কোনও বিষয়ে স্নাতক স্তরে অন্তত ৫০ শতাংশ নম্বর থাকা জরুরি, অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অন্য প্রার্থীদের ক্ষেত্রে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর বা স্নাতকোত্তর ডিগ্রি আবশ্যক।
কাজের অভিজ্ঞতার ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট শর্ত। ডাইরেক্ট মার্কেটিং এক্সিকিউটিভদের অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু অভিজ্ঞতা থাকলেই হবে না, সংস্থার নির্ধারিত টার্গেট পূরণ করার রেকর্ডও যাচাই করা হয়। সেই ভিত্তিতেই যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়।
বয়সের সীমাও আলাদা আলাদা ভাবে নির্ধারিত। ডাইরেক্ট মার্কেটিং এক্সিকিউটিভদের ক্ষেত্রে বয়সসীমা ২১ থেকে ৪০ বছরের মধ্যে। অন্য আবেদনকারীদের জন্য এই সীমা ২১ থেকে ২৮ বছর।
নিয়োগ প্রক্রিয়া একাধিক ধাপে সম্পন্ন হয়। প্রথমেই দিতে হয় অনলাইন লিখিত পরীক্ষা, যা ইংরেজি ভাষায় এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হয়। দুই ঘণ্টার এই পরীক্ষায় মোট নম্বর থাকে ২০০। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদেরই ডাকা হয় ইন্টারভিউয়ের জন্য। শেষ ধাপে থাকে মেডিক্যাল পরীক্ষা। চূড়ান্ত মেধাতালিকা তৈরি হয় লিখিত ও ইন্টারভিউ—দুইয়ের নম্বর মিলিয়ে।
পরীক্ষার সিলেবাসেও রয়েছে বৈচিত্র্য। ইংরেজি ভাষা, লজিক্যাল রিজ়নিং, সাধারণ জ্ঞান, নিউমেরিক্যাল এবিলিটি এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউট—এই পাঁচটি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। প্রতিটি বিষয়েই ৫০ নম্বর করে বরাদ্দ, মোট ২০০ নম্বরের প্রশ্নপত্র।
ইংরেজিতে কম্প্রিহেনশন থেকে শুরু করে ব্যাকরণ ও শব্দভাণ্ডার, রিজ়নিং-এ ধাঁধা ও সিদ্ধান্ত গ্রহণ, সাধারণ জ্ঞানে সাম্প্রতিক ঘটনা ও অর্থনীতি—সব মিলিয়ে পরীক্ষার প্রস্তুতিতে প্রয়োজন বিস্তৃত ধারণা। নিউমেরিক্যাল ও কোয়ান্টিটেটিভ অংশে গণিতের মৌলিক ধারণা ও সমস্যা সমাধানের দক্ষতা জরুরি।
বেতন কাঠামোও আকর্ষণীয়। সমস্ত ভাতা মিলিয়ে মাসিক আয় প্রায় ৫৩ হাজার থেকে ৬৫ হাজার টাকার মধ্যে হতে পারে।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আগ্রহীরা সরাসরি এলআইসি-র অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন। নিয়মিত আপডেট দেখে আবেদন করলে এই পদে সুযোগ পাওয়ার সম্ভাবনা বাড়বে।







