বাজেট স্মার্টফোনের দৌড়ে আবার নজর কাড়ল Lava International। কম দামের সেগমেন্টে নতুন ডিভাইস Lava Bold N2 Lite লঞ্চ করে এন্ট্রি-লেভেল ব্যবহারকারীদের লক্ষ্য করেছে সংস্থা। ১০ এপ্রিল থেকে অনলাইনে বিক্রি শুরু হবে এই ফোনের।
দাম রাখা হয়েছে ৭,৩৯৯ টাকা। তবে নির্দিষ্ট কুপন ব্যবহার করলে কিছুটা ছাড় মিলবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি একাধিক ডিভাইস কিনলে অতিরিক্ত অফারের সুবিধাও থাকছে। ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এ এই ফোন পাওয়া যাবে দুটি রঙে—গোল্ড এবং নীলগিরি ব্লু।
কম দামের মধ্যে বড় ডিসপ্লে দেওয়ার দিকেই জোর দিয়েছে সংস্থা। এই ফোনে রয়েছে ৬.৭৫ ইঞ্চির HD+ স্ক্রিন, সঙ্গে ৯০Hz রিফ্রেশ রেট। দৈনন্দিন ব্যবহারে স্মুথ অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এই ফিচার রাখা হয়েছে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে Unisoc 9863A অক্টা-কোর প্রসেসর, সঙ্গে ৩GB RAM এবং ৬৪GB ইন্টারনাল স্টোরেজ। প্রয়োজনে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে।
ক্যামেরা সেটআপও বেসিক ব্যবহার মাথায় রেখেই। পিছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা, সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকায় নিরাপত্তার দিকটিও নিশ্চিত করা হয়েছে।
ব্যাটারির ক্ষেত্রে বড় আকর্ষণ ৫০০০mAh ক্ষমতা। একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যাবে বলে দাবি করা হচ্ছে। যদিও চার্জিং সাপোর্ট ১০W, ফলে পূর্ণ চার্জ হতে সময় কিছুটা বেশি লাগতে পারে। কানেক্টিভিটির জন্য 4G LTE, Wi-Fi, Bluetooth, USB Type-C এবং ৩.৫mm হেডফোন জ্যাক—সবই রাখা হয়েছে।
সব মিলিয়ে, সীমিত বাজেটের মধ্যে বড় স্ক্রিন ও দীর্ঘ ব্যাটারি লাইফ খুঁজছেন যাঁরা, তাঁদের জন্য এই ফোন একটি ব্যবহারযোগ্য বিকল্প হতে পারে বলেই মনে করছে প্রযুক্তি মহল।








