নতুন অর্থবর্ষের প্রথম দিনেই বড় ধাক্কা খেলেন বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীরা। ভোরবেলার একটি ইমেল—আর তাতেই কাজ হারালেন হাজার হাজার কর্মী। মার্কিন প্রযুক্তি সংস্থা ওরাকলের প্রায় ৩০ হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছে বলে খবর, যার মধ্যে প্রায় ১২ হাজারই ভারতের।
সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা না এলেও, সমাজমাধ্যমে কর্মীদের পোস্ট থেকেই ধীরে ধীরে প্রকাশ্যে আসে এই ঘটনা। রেডিট ও এক্সে ছড়িয়ে পড়া অভিজ্ঞতায় উঠে এসেছে, ভোর ৫টা থেকে ৬টার মধ্যে বহু কর্মীর কাছে পৌঁছয় চাকরি ছাঁটাইয়ের বার্তা। এক কর্মীর কথায়, “২০ বছরেরও বেশি চাকরির পর ভোর ৫টায় ইমেল পেলাম, বাহ্!” আরেক জন লেখেন, “আমাকেও ছাঁটাই করা হয়েছে। ঠিক ভোর ৬টায়, আগামী মাসেই চার বছর পূর্ণ হওয়ার কথা ছিল।”
সূত্রের দাবি, মোট কর্মীর প্রায় ১৮ শতাংশকে ছাঁটাই করা হয়েছে, যার সবচেয়ে বড় প্রভাব পড়েছে ভারতে। কর্মীদের জানানো হয়েছে, তাঁদের পদ আর সংস্থার কাঠামোর মধ্যে থাকছে না। তবে অনেকের অভিযোগ, আগে থেকে কোনও সতর্কবার্তা বা আলোচনার সুযোগই দেওয়া হয়নি।
অভ্যন্তরীণভাবে সংস্থার তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর পরিকাঠামো ও ডেটা সেন্টারে বাড়তি বিনিয়োগের জন্য খরচ কমাতেই এই সিদ্ধান্ত। অর্থাৎ প্রযুক্তির অগ্রগতিই চাকরির অনিশ্চয়তা বাড়াচ্ছে—এমন আশঙ্কাই জোরালো হচ্ছে কর্মীদের মধ্যে।
ছাঁটাই হওয়া কর্মীদের জন্য নির্দিষ্ট ক্ষতিপূরণ প্যাকেজ রাখা হয়েছে, যদিও তা নির্ভর করছে স্বেচ্ছায় পদত্যাগের উপর। পাশাপাশি শোনা যাচ্ছে, আগামী এক মাসের মধ্যেই আরও এক দফা ছাঁটাই হতে পারে। ফলে অনিশ্চয়তার ছায়া এখনও কাটেনি।







