প্রিপেড মোবাইল ব্যবহারকারীদের দীর্ঘদিনের এক অভিযোগ—‘মাসিক’ প্ল্যানের মেয়াদ কেন ২৮ দিন? সেই প্রশ্নেরই এবার উত্তর মিলতে পারে। ইঙ্গিত মিলছে, খুব শিগগিরই ৩০ দিনের প্রিপেড প্ল্যান চালু করতে পারে দেশের বেসরকারি টেলিকম সংস্থাগুলি।
বর্তমানে Airtel, Reliance Jio এবং Vodafone Idea—এই তিন বড় সংস্থার কোনও ‘পূর্ণ’ মাসের প্রিপেড প্ল্যান নেই। সব ক্ষেত্রেই ২৮ দিনের বৈধতাই কার্যত মানদণ্ড। এর ফলে সমস্যায় পড়েন সাধারণ গ্রাহকরা। কারণ ২৮ দিনের হিসেবে বছরে মোট ৩৩৬ দিন কভার হয়। বাকি প্রায় এক মাসের জন্য অতিরিক্ত রিচার্জ করতে হয়। ফলে বছরে ১২ বার নয়, ১৩ বার রিচার্জ করতে বাধ্য হচ্ছেন ব্যবহারকারীরা।
নতুন ৩০ দিনের প্ল্যান চালু হলে এই সমস্যারই সমাধান হতে পারে। তখন গ্রাহকদের আর বাড়তি রিচার্জ করতে হবে না, বরং প্রকৃত মাসিক হিসেবেই পরিষেবা পাওয়া যাবে। এতে অর্থ সাশ্রয়ের সম্ভাবনাও তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
এই ইস্যু সম্প্রতি রাজনৈতিক স্তরেও গুরুত্ব পেয়েছে। Raghav Chadha সংসদে বিষয়টি উত্থাপন করে প্রিপেড ব্যবহারকারীদের পক্ষে সওয়াল করেছিলেন। এরপরই আলোচনায় আসে ৩০ দিনের প্ল্যানের বিষয়টি। টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) জানিয়েছেন, সংস্থাগুলিকে ৩০ দিনের প্ল্যান আরও বেশি করে প্রচারের জন্য উৎসাহিত করা হচ্ছে।
যদিও এখনও পর্যন্ত এই পরিবর্তন নিয়ে চূড়ান্ত ঘোষণা হয়নি। উল্লেখ্য, ২০২২ সালের পর থেকে প্রিপেড প্ল্যান কাঠামোয় বড় কোনও বদল আসেনি। তবে মাঝামাঝি সময়ে ডাটা ছাড়া একটি প্ল্যান চালু করা হয়েছিল, যেখানে শুধু আনলিমিটেড কলিং এবং এসএমএস সুবিধা দেওয়া হয়—যা মূলত সাধারণ ফোন ব্যবহারকারীদের কথা ভেবেই আনা হয়েছিল।
৩০ দিনের প্ল্যান বাস্তবায়িত হলে তা যে গ্রাহকদের জন্য স্বস্তির খবর হবে, তা নিয়ে কোনও সংশয় নেই। এখন দেখার, টেলিকম সংস্থাগুলি কবে এই পরিবর্তন আনতে এগিয়ে আসে।







