ট্রেনের টিকিট বাতিলের নিয়মে বড় বদল, সময়সীমা নির্ধারণে রিফান্ডে কড়াকড়ি রেলের

On: Wednesday, March 25, 2026 11:13 AM
---Advertisement---

রেলযাত্রীদের জন্য টিকিট বাতিলের নিয়মে বড় পরিবর্তন আনল ভারতীয় রেল। নতুন নির্দেশিকা অনুযায়ী, টিকিট বাতিলের সময়ের উপরই নির্ভর করবে যাত্রীরা কতটা অর্থ ফেরত পাবেন। এর ফলে শেষ মুহূর্তে টিকিট বাতিল বা ট্রেন মিসের ক্ষেত্রে যাত্রীদের আর্থিক ক্ষতি বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

রেলের নতুন নিয়মে বলা হয়েছে, ট্রেন ছাড়ার অন্তত ৭২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে যাত্রীরা সর্বাধিক রিফান্ড পাবেন। সে ক্ষেত্রে শুধুমাত্র ন্যূনতম বাতিল ফি কেটে নেওয়া হবে। কিন্তু যাত্রার সময় যত এগিয়ে আসবে, রিফান্ডের পরিমাণ ততই কমবে। বিশেষ করে ট্রেন ছাড়ার ৮ ঘণ্টার কম সময় বাকি থাকলে বা যাত্রী ট্রেন মিস করলে কোনও রিফান্ডই দেওয়া হবে না। যদিও বিশেষ কিছু ক্ষেত্রে টিকিট ডিপোজিট রিসিপ্ট বা TDR-এর নিয়ম আলাদা ভাবে প্রযোজ্য হতে পারে।

শুধু বাতিলের নিয়মেই নয়, টিকিট কালোবাজারি রুখতেও কড়া পদক্ষেপ নিয়েছে রেল কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, একাধিক টাউট বা এজেন্ট বড় সংখ্যায় টিকিট বুক করে পরে চড়া দামে বিক্রি করছেন। এই প্রবণতা রুখতে প্রযুক্তির সাহায্যে বিশেষ অভিযান চালানো হয়েছে। রেলের দাবি, বটের মাধ্যমে টিকিট বুকিংয়ের প্রচেষ্টা চিহ্নিত করে প্রায় ৭০ শতাংশ ক্ষেত্রে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

এর পাশাপাশি ভুয়ো অ্যাকাউন্টের বিরুদ্ধেও বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন প্রযুক্তির মাধ্যমে প্রায় ৩ কোটি সন্দেহভাজন অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবুও সমস্যা পুরোপুরি মেটেনি। কিছু ক্ষেত্রে এখনও টাউটচক্র টিকিট বুক করতে সক্ষম হচ্ছে, যার একটি অংশ কালোবাজারে বিক্রি হচ্ছে, আবার কিছু টিকিট পরে বাতিল করা হচ্ছে।

রেলের তরফে স্পষ্ট ইঙ্গিত, এই অনিয়ম ঠেকাতে নজরদারি আরও বাড়ানো হবে। যাত্রীদের সুবিধা বজায় রেখে স্বচ্ছ বুকিং ব্যবস্থা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য বলে মনে করছে রেল প্রশাসন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now