প্রার্থী তালিকায় বড় ছাঁটাই, একুশের ৭৪ বিধায়ককে টিকিট দিল না তৃণমূল

On: Tuesday, March 17, 2026 6:55 PM
---Advertisement---

একুশের নির্বাচনে জিতে বিধানসভায় পৌঁছেছিলেন, কিন্তু ছাব্বিশের লড়াইয়ে আর জায়গা হল না তাঁদের। প্রার্থী তালিকায় বড়সড় ছাঁটাই করে ৭৪ জন বর্তমান বিধায়ককে এবার টিকিট দিল না তৃণমূল কংগ্রেস। কারণ নিয়ে সরাসরি কিছু না বললেও, দলের অন্দরে দুর্নীতির অভিযোগ, সংগঠনের সঙ্গে দূরত্ব এবং ব্যক্তিগত বিতর্ক—এই তিন বিষয়কেই মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।

এই তালিকায় একাধিক পরিচিত নাম রয়েছে। তপন দাশগুপ্ত, জোৎস্না মান্ডি, তাজমুল হোসেন, অসিত মজুমদার, মাণিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা, পরেশ পাল, স্বর্ণকমল সাহা, বিকাশ রায়চৌধুরী, বিবেক গুপ্ত—সব মিলিয়ে তালিকাটি যথেষ্ট দীর্ঘ এবং তাৎপর্যপূর্ণ।

সবচেয়ে বেশি নজর কাড়ছে বেহালা পশ্চিম কেন্দ্র। দীর্ঘদিন এই কেন্দ্রের মুখ ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। একুশেও জিতেছিলেন তিনি। তবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির পর রাজনৈতিক সমীকরণ বদলে যায়। জেল থেকে মুক্তি পেয়ে এলাকায় সক্রিয় হওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁকে আর প্রার্থী করেনি দল। তাঁর জায়গায় বেহালা পশ্চিমে প্রার্থী করা হয়েছে রত্না চট্টোপাধ্যায়কে।

দুর্নীতির অভিযোগের জেরে বাদ পড়েছেন বড়ঞাঁর বিধায়ক জীবনকৃষ্ণ সাহাও। তাঁর জায়গায় প্রার্থী হয়েছেন প্রতিমা রজক। একই কারণে পলাশিপাড়ার মাণিক ভট্টাচার্যও টিকিট পাননি। সেখানে নতুন মুখ রুকবানুর রহমান।

অন্যদিকে, ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের জেরে চর্চায় থাকা উত্তরপাড়ার বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকও এবার তালিকার বাইরে। তাঁর বদলে প্রার্থী করা হয়েছে শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়কে।

দলীয় সূত্রে খবর, শুধু বাদ দেওয়া নয়, বেশ কিছু আসনে রদবদলও করা হয়েছে। প্রায় ১৫ জন বিধায়কের কেন্দ্র বদল করা হয়েছে, যার মধ্যে অভিনেতা সোহম চক্রবর্তীর নামও রয়েছে। তবে এখনও ১৩৫ জনকে তাদের পুরনো আসনেই ভরসা রেখেছে দল।

সব মিলিয়ে, ছাব্বিশের নির্বাচনের আগে প্রার্থী বাছাইয়ে বড় বার্তা দিল তৃণমূল—দলের ভাবমূর্তি ও সংগঠনকে প্রাধান্য দিয়েই এবার চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now