Kolkata auto fare increase: ভোর হতেই নতুন সমস্যার মুখে পড়লেন শহরের নিত্যযাত্রীরা।
জ্বালানি ঘাটতির আশঙ্কা এবং সিএনজি গ্যাসের হঠাৎ মূল্যবৃদ্ধির জেরে কলকাতার একাধিক রুটে বেড়ে গেল অটো ভাড়া। অফিস সময়ে বহু মানুষ দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য অটোর ওপর নির্ভর করেন। ফলে ভাড়া বাড়তেই যাত্রীদের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ বেড়েছে।
মঙ্গলবার রাত পর্যন্ত যেখানে সিএনজি গ্যাসের দাম ছিল ৫৭ টাকা ৬৮ পয়সা, বুধবার ভোরে তা একলাফে বেড়ে দাঁড়ায় ৬২ টাকা ৬৮ পয়সা। এই আকস্মিক মূল্যবৃদ্ধির পর থেকেই শহরের বিভিন্ন সিএনজি পাম্পে অটোচালকদের দীর্ঘ লাইন দেখা যায়।
অটোচালকদের অভিযোগ, একদিকে গ্যাসের দাম হঠাৎ বেড়েছে, অন্যদিকে অনেক সময় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। ফলে বাড়তি খরচ সামাল দিতে অনেক রুটেই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, চিংড়িহাটা থেকে এসডিএফ রুটে অটো ভাড়া ১৫ টাকা থেকে বেড়ে ১৮ টাকা করা হয়েছে। এছাড়াও গড়িয়া-বারুইপুর এবং সোনারপুর-গড়িয়া রুটেও ভাড়া বৃদ্ধি হয়েছে বলে খবর।
অটোচালক সংগঠনের একাংশের দাবি, যেভাবে গ্যাসের দাম বাড়ছে তাতে শুধু ২-৩ টাকা নয়, ভবিষ্যতে ভাড়া ৫ থেকে ৬ টাকা পর্যন্ত বাড়তে পারে।
শুধু পরিবহণ ক্ষেত্রেই নয়, গ্যাসের ঘাটতির আশঙ্কায় প্রভাব পড়তে শুরু করেছে শহরের হোটেল ও রেস্তোরাঁ ব্যবসাতেও। ডেকার্স লেন, পার্ক সার্কাস এবং শিয়ালদহের মতো এলাকায় অনেক হোটেল মালিকই গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
অন্যদিকে বাণিজ্যিক এলপিজি গ্যাসের ঘাটতির পাশাপাশি গৃহস্থালির গ্যাস সিলিন্ডার সরবরাহ নিয়েও সমস্যা দেখা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে বুকিং করার পরেও সময়মতো সিলিন্ডার পৌঁছাচ্ছে না।
এই পরিস্থিতিতে আগামী দিনে জ্বালানি সরবরাহ ও পরিবহণ খরচ আরও বাড়তে পারে কি না, তা নিয়ে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।






