T20 World Cup 2026 এখন শেষ পর্যায়ে। চার সপ্তাহের উত্তেজনার পর ঠিক হয়ে গেছে শেষ চারের লড়াই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ট্রফির দৌড়ে টিকে আছে।
প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালে ভারত খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। দুই ম্যাচের জয়ীরা উঠবে ফাইনালে।
সেমিফাইনালে ICC-র বিশেষ নিয়ম
দুই সেমিফাইনালের জন্যই রাখা হয়েছে রিজার্ভ ডে। আবহাওয়ার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। নির্ধারিত দিনে ম্যাচ শেষ করার চেষ্টা করা হবে। প্রয়োজনে ওভার কমানোও হতে পারে।
ফল নিশ্চিত করতে নির্ধারিত দিনে ৯০ মিনিট অতিরিক্ত সময় রাখা হয়েছে। রিজার্ভ ডেতে মিলবে ১২০ মিনিট অতিরিক্ত সময়। তবে ম্যাচের ফল পেতে হলে দুই দলকেই কমপক্ষে ১০ ওভার ব্যাট করতে হবে।
রিজার্ভ ডেতে কখন শুরু হবে খেলা?
নির্ধারিত দিনে খেলা শুরু হয়ে মাঝপথে বন্ধ হলে, রিজার্ভ ডেতে সেই অবস্থান থেকেই ম্যাচ শুরু হবে। যদি প্রথম দিনে ওভার কমিয়ে দেওয়া হয়, রিজার্ভ ডেতেও একই ওভার প্রযোজ্য থাকবে।
আর যদি প্রথম দিনে খেলা শুরুই না হয়, তাহলে রিজার্ভ ডেতে পূর্ণ ২০ ওভারের ম্যাচ আয়োজন করা হবে।
দুই সেমিফাইনালই ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়ার কথা। তবে ম্যাচ রিজার্ভ ডেতে গড়ালে শুরু হবে বিকেল ৩টায়।
ফল না হলে কী হবে?
রিজার্ভ ডে ব্যবহার করার পরও যদি ম্যাচের ফল না মেলে, তাহলে গ্রুপ পর্বে এগিয়ে থাকা দল ফাইনালে উঠবে।
সব মিলিয়ে ICC এমন নিয়ম করেছে যাতে যেকোনও পরিস্থিতিতেই সেমিফাইনালের ফল নিশ্চিত করা যায়।








