অপেক্ষার প্রহর শুরু হয়ে গেছে।
২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই রাজ্যের লক্ষাধিক পরীক্ষার্থী এখন তাকিয়ে রয়েছে রেজাল্ট ঘোষণার দিকে। কবে প্রকাশ হবে ফলাফল, কতদিন পর অনলাইনে দেখা যাবে নম্বর, আর মার্কসিট হাতে পেতে কত সময় লাগবে – এই প্রশ্নই ঘুরছে সকলের মনে।
Madhyamik Result 2026 নিয়ে সম্প্রতি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। ভূগোল পরীক্ষার দিন বোলপুরের একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের জানান, পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্য রাখা হয়েছে।
এবারের মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শেষ হয়েছে। সেই হিসেবে সময়সীমা ধরলে ফলাফল মে মাসের মধ্যেই প্রকাশের সম্ভাবনা প্রবল।
এদিকে ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। মার্চ বা এপ্রিল মাসে ভোটগ্রহণ হতে পারে বলে বিভিন্ন সূত্রে ইঙ্গিত মিলছে। সেই কারণেই এপ্রিল মাসে ফল প্রকাশের সম্ভাবনা কার্যত নেই বলেই মনে করছেন শিক্ষামহলের একাংশ।
সব মিলিয়ে Madhyamik Result Date 2026 নিয়ে জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে মে মাসের প্রথম সপ্তাহ ঘিরে। তবে নির্দিষ্ট দিন ও সময় জানতে হলে মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতেই হবে।
ফল প্রকাশের দিন পরীক্ষার্থীরা নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে রেজাল্ট দেখতে পারবে। স্কুলগুলিতে পরে বিতরণ করা হবে মার্কসিট।
পরীক্ষার্থীদের পরামর্শ, গুজবে কান না দিয়ে শুধুমাত্র পর্ষদের সরকারি ঘোষণার উপরেই ভরসা রাখুন। ফল প্রকাশের আগে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে।





