Weather Update 22 Jan 2026: সকাল থেকেই মেঘে ঢাকা ছিল কলকাতার আকাশ। বেলা বাড়তেই সূর্য দেখা মিলেছে। তবে রোদের তেজ স্পষ্ট নয় বললেই চলে। এর সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব মিলিয়ে ঠান্ডা কমার চিত্র স্পষ্ট। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাকিস্তান ও সংলগ্ন জম্মু কাশ্মীর এলাকায়। এরপর ২৬ জানুয়ারি আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার পূর্বাভাস রয়েছে। সেই কারণে আগামী দিনে শীত আরও সরে যাবে। পরবর্তী ৫ থেকে ৭ দিন তাপমাত্রার ওঠা নামা চলবে। শুক্র এবং শনিবার তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। তবে রবি এবং সোমবার ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। যদিও তাপমাত্রা বাড়লেও গরম ভাব খুব বেশি থাকবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)
বৃহস্পতিবার সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে ঘন কুয়াশার সতর্কতা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে সকালের দিকে কুয়াশা দেখা যেতে পারে।
দিনের বেলায় শীতের অনুভূতি নেই বললেই চলে। সকাল এবং সন্ধ্যার সময় কিছুটা ঠান্ডা ভাব থাকবে। কলকাতা এবং আশপাশে আজকের তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস। আপাতত এই প্রবণতাই বজায় থাকবে।
কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা হতে পারে। আগামী ৭ দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। দিনের বেলায় শীত কম অনুভূত হবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৪৯ থেকে ৯২%।
উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)
আগামী ৫ দিন উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতে তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘুরবে।






