মাসে ৩০ হাজার স্টাইপেন্ড, ডিআরডিও-তে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য বড় ইন্টার্নশিপ সুযোগ

On: Wednesday, May 6, 2026 11:43 PM
---Advertisement---

ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য প্রতিরক্ষা গবেষণার জগতে কাজ শেখার বিরল সুযোগ এনে দিল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের জন্য সবেতন ইন্টার্নশিপ প্রোগ্রামে আবেদন নেওয়া হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য, তরুণ ইঞ্জিনিয়ারদের অত্যাধুনিক প্রযুক্তি এবং প্রতিরক্ষা গবেষণার সঙ্গে হাতে-কলমে পরিচয় করিয়ে দেওয়া।

এই ইন্টার্নশিপ পরিচালনা করবে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিফেন্স ইনস্টিটিউট অফ ফিজিওলজি অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস। নির্বাচিত প্রার্থীদের দিল্লি বা হলদোয়ানিতে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। কোর্সটি সম্পূর্ণ সময়ের এবং চার থেকে ছয় মাস মেয়াদি। মে অথবা জুন মাস থেকে শুরু হতে পারে প্রশিক্ষণ পর্ব।

স্টাইপেন্ডের দিক থেকেও এটি আকর্ষণীয়। প্রতি মাসে ৩০ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে অংশগ্রহণকারীদের। পাশাপাশি, ইন্টার্নশিপ সফলভাবে সম্পূর্ণ করলে দেওয়া হবে সরকারি স্বীকৃত শংসাপত্র।

যোগ্যতার ক্ষেত্রে জানানো হয়েছে, বিই, বি.টেক, এমই বা এম.টেক-সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখার চূড়ান্ত বর্ষের পড়ুয়ারাই আবেদন করতে পারবেন। তবে কোনও সেমেস্টারে ব্যাকলগ থাকলে আবেদন গ্রহণ করা হবে না। শূন্যপদের সংখ্যা এবং অন্যান্য শর্তাবলী জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১ এপ্রিল, ২০২৬ থেকে এবং চলবে ১৫ মে পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন ডিআরডিও অফিসিয়াল ওয়েবসাইট-এ। প্রাথমিক বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের ই-মেলের মাধ্যমে ইন্টারভিউ বা পরবর্তী ধাপের জন্য ডাকা হবে।

প্রযুক্তি ও প্রতিরক্ষা গবেষণায় আগ্রহী তরুণদের জন্য এই ইন্টার্নশিপ ভবিষ্যৎ ক্যারিয়ারের দরজা খুলে দিতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now