দ্বিতীয় দফার ভোটের মুখে ফের সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া আবেদনের ভিত্তিতে নতুন করে ১৪৬৮ জনের নাম যুক্ত হয়েছে তালিকায়। একই সঙ্গে ছয় জনের নাম বাদও দেওয়া হয়েছে।
বুধবার রাজ্যের সাতটি জেলায় ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। সাধারণ নিয়মে ভোটের আগে নির্দিষ্ট সময়েই ভোটার তালিকা ‘ফ্রিজ়’ হয়ে যায়। কিন্তু শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, ভোটের ঠিক আগের দিনগুলিতেও ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া মামলার ভিত্তিতে যোগ্য ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। সেই নির্দেশ কার্যকর করতেই এই অতিরিক্ত তালিকা প্রকাশ।
কমিশন সূত্রে জানা যাচ্ছে, সোমবার পর্যন্ত যেসব আবেদন ট্রাইবুনালে নিষ্পত্তি হয়েছে, সেগুলির ভিত্তিতেই এই নতুন তালিকা তৈরি করা হয়েছে। ফলে যাঁদের নাম এই তালিকায় যুক্ত হয়েছে, তাঁরা সরাসরি দ্বিতীয় দফার ভোটে অংশ নিতে পারবেন।
এর আগে প্রথম দফার ভোটের আগেও একই প্রক্রিয়ায় একটি অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়েছিল। তখন ১৩৯ জন নতুন ভোটারের নাম যুক্ত হয়, যদিও আট জনের নাম বাদ পড়ে।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর প্রায় ৬০ লক্ষাধিক নাম যাচাইয়ের আওতায় আসে। আদালতের নির্দেশে বিচারবিভাগীয় আধিকারিকরা সেই নামগুলির পর্যালোচনা করেন। অনেক ক্ষেত্রেই ভোটারদের অযোগ্য বলে চিহ্নিত করা হয়। পরে সুযোগ দেওয়া হয় ট্রাইবুনালে আবেদন করার, যেখানে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত বেঞ্চে সেইসব মামলার শুনানি হয়।
গত ২৮ ফেব্রুয়ারি প্রথম চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই ধাপে ধাপে এই সংশোধন প্রক্রিয়া চলছে। দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে প্রকাশিত এই নতুন তালিকা সেই ধারাবাহিকতারই অংশ।
বুধবারের ভোটে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমান—এই সাত জেলায় ভোটগ্রহণ হবে। নতুন সংযোজিত ভোটারদের উপস্থিতি শেষ মুহূর্তে নির্বাচনী অঙ্কে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।





