যখন খুশি আবেদন নয়। যুবসাথী প্রকল্পে অনলাইন ফর্ম ফিল-আপে এলো বড় পরিবর্তন।
Yuvasathi Online Application প্রক্রিয়ায় সময়সীমা নির্দিষ্ট করে দিল রাজ্য সরকার। এতদিন ২৪ ঘণ্টাই খোলা থাকত পোর্টাল। এখন থেকে প্রতিদিন কেবলমাত্র সন্ধে ৭টা থেকে রাত ৯টা পর্যন্তই আবেদন করা যাবে।
ভাতা পাওয়ার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যেই পোর্টালে লগ-ইন করতে হবে আবেদনকারীদের। নির্ধারিত সময়ের বাইরে আর ফর্ম জমা নেওয়া হবে না।
কোথায় এবং কীভাবে আবেদন করবেন?
আবেদন করতে হবে আমাদের পাড়া আমাদের সমাধান পোর্টালে। নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। মোবাইল নম্বর দিয়ে OTP যাচাইয়ের পর খুলবে আবেদনপত্র।
ফর্মে নাম, ঠিকানা, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা এবং শেষ পরীক্ষার তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। বর্তমান পেশা হিসেবে বেকার বা স্বনির্ভর অপশন বেছে নিতে হবে। আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দেওয়া বাধ্যতামূলক। অন্য কোনও সরকারি ভাতা পেলে সেটিও উল্লেখ করতে হবে।
আবেদনের আগে যা প্রস্তুত রাখবেন
মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতা, জাতিগত সার্টিফিকেট থাকলে তার কপি, সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি এবং আবেদনকারীর স্বাক্ষর ডিজিটাল ফরম্যাটে রাখতে হবে। সব নথি নির্দিষ্ট ফরম্যাটে আপলোড করতে হবে।
Apply Online অপশনে ক্লিক করে মোবাইল নম্বর ও ক্যাপচা পূরণ করলে OTP আসবে। তা দিয়ে লগ-ইন করলে তিনটি ধাপে আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদন শেষে ফর্মের কপি ডাউনলোড করা যাবে।
এছাড়াও যুব ও ক্রীড়া দফতরের ওয়েবসাইট থেকেও ফর্ম ডাউনলোড করে ক্যাম্পে জমা দেওয়ার সুযোগ রয়েছে।
নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন না করলে সুযোগ হাতছাড়া হতে পারে। তাই আবেদনকারীদের নির্ধারিত সময় মেনে পোর্টালে প্রবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।





