বিজ্ঞপ্তি জারি হয়েছিল। তারপরই বদলে গেল নিয়ম। আর তাতেই শুরু হয়েছে বিভ্রান্তি।
Yuva Sathi Update: রাজ্য সরকারের ‘যুব সাথী’ প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে কৃষকবন্ধু প্রকল্পের উপভোক্তারা এই ভাতার সুবিধা পাবেন কি না, তা স্পষ্ট নয়।
সম্প্রতি অনলাইন আবেদন প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে কেবল অরিজিনাল নথির স্ক্যান কপি আপলোড করলেই হবে না। বাধ্যতামূলক করা হয়েছে সেল্ফ অ্যাটেস্ট। অর্থাৎ নথির জেরক্স কপিতে আবেদনকারীকে নিজের সই করতে হবে। সেই সই করা কপিই স্ক্যান করে আপলোড করতে হবে।
তবে যাঁরা ইতিমধ্যেই সেল্ফ অ্যাটেস্ট ছাড়া স্ক্যান কপি আপলোড করেছেন, তাঁদের আবেদন বাতিল হবে না বলেই প্রশাসনের তরফে জানানো হয়েছে।
কৃষকবন্ধু উপভোক্তাদের নিয়ে ধোঁয়াশা
গত ১৯ ফেব্রুয়ারি সিউড়ি ১ ডেভেলপমেন্ট ব্লক থেকে প্রকাশিত এক মেমোয় জানানো হয়েছিল, কৃষকবন্ধু প্রকল্পের উপভোক্তারাও যুব সাথীর জন্য আবেদন করতে পারবেন। কিন্তু পরে সেই নোটিশ প্রত্যাহার করে নতুন মেমো জারি করা হয়।
নতুন বিজ্ঞপ্তিতে কৃষকবন্ধু উপভোক্তাদের আবেদন সংক্রান্ত উল্লেখ আর রাখা হয়নি। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইট থেকেও গাইডলাইন সরিয়ে দেওয়া হয়েছে। ফলে বিভ্রান্তি আরও বেড়েছে।
এখন কী করবেন আবেদনকারীরা?
সরকারি স্তর থেকে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত স্পষ্ট নির্দেশিকা প্রকাশিত হয়নি। বিশেষজ্ঞদের মতে, যাঁরা যোগ্য বলে মনে করছেন, তাঁরা আবেদন প্রক্রিয়া চালিয়ে যেতে পারেন।
তবে ভবিষ্যতে যদি নিয়মে ফের পরিবর্তন আনা হয়, সে ক্ষেত্রে কিছু আবেদন বাতিল হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সব মিলিয়ে ‘যুব সাথী’ প্রকল্পে যোগ্যতা ও নথি সংক্রান্ত নিয়ম বদল ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরিষ্কার নির্দেশ না আসা পর্যন্ত আবেদনকারীদের সতর্ক থাকাই শ্রেয়।








