Wingo App Scam: অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য জারি হল বড়সড় সাইবার সতর্কতা। স্মার্টফোনে থাকা একটি নির্দিষ্ট অ্যাপ অজান্তেই আপনার ব্যক্তিগত তথ্য ও ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে বলে দাবি উঠেছে। সেই অ্যাপটির নাম Wingo।
সাইবার বিশেষজ্ঞদের মতে এই অ্যাপটি মূলত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের লক্ষ্য করেই তৈরি। অভিযোগ এই অ্যাপটি ফোনে ইনস্টল হওয়ার পর ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ফোনের এসএমএস অ্যাক্সেস নিয়ে নেয়। এরপর অজান্তেই বিভিন্ন ভুয়ো ও প্রতারণামূলক এসএমএস পাঠানো হচ্ছিল অন্য নম্বরে।
এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে কেন্দ্রীয় স্তরে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট অ্যাপটির সঙ্গে যুক্ত কমান্ড এবং কন্ট্রোল সার্ভারগুলি সম্পূর্ণভাবে ব্লক করা হয়েছে। এর ফলে অ্যাপটির মাধ্যমে পরিচালিত প্রতারণামূলক নেটওয়ার্ক কার্যত অচল হয়ে গেছে।
তদন্তে আরও জানা গিয়েছে এই অ্যাপের প্রচারের জন্য একাধিক টেলিগ্রাম চ্যানেল ব্যবহার করা হচ্ছিল। প্রায় দেড় লক্ষেরও বেশি ব্যবহারকারী সেই চ্যানেলগুলির সঙ্গে যুক্ত ছিলেন। নিরাপত্তার স্বার্থে সেই সমস্ত চ্যানেলও বন্ধ করে দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের সতর্কবার্তা অনুযায়ী যাঁদের ফোনে এখনও Wingo অ্যাপ ইনস্টল রয়েছে তাঁরা অবিলম্বে সেটি ডিলিট করুন। পাশাপাশি ফোনের অ্যাপ পারমিশন সেটিংস পরীক্ষা করে দেখা জরুরি। অচেনা বা অপ্রয়োজনীয় অ্যাপকে এসএমএস কল বা কন্টাক্ট অ্যাক্সেস দেওয়া আছে কিনা সেটিও খতিয়ে দেখতে বলা হয়েছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এই ধরনের স্ক্যাম থেকে বাঁচতে শুধুমাত্র বিশ্বস্ত সোর্স থেকে অ্যাপ ডাউনলোড করা অত্যন্ত জরুরি। অল্প সুবিধার লোভে অজানা অ্যাপ ইনস্টল করলেই বড় বিপদের মুখে পড়তে পারেন ব্যবহারকারীরা।





