বলিউডে তাঁর প্রেমের গল্প নিয়ে চর্চার শেষ নেই। কখনও সঙ্গীতা বিজলানি (Sangeeta Bijlani), কখনও ঐশ্বর্য রাই (Aishwarya Rai), আবার কখনও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)— একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে সালমান খান (Salman Khan)-এর। কিন্তু এত বছর কেটে গেলেও বিয়ের মণ্ডপে তাঁকে দেখা যায়নি। ৬০-এর কাছাকাছি বয়সেও কেন আইবুড়ো ভাইজান? সেই প্রশ্নেরই উত্তর দিলেন তাঁর বাবা সেলিম খান (Salim Khan)।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেলিম খান জানান, ছোটবেলা থেকেই সিনেমার জগতে কাজ করতে করতে নায়িকাদের প্রেমে পড়া সলমনের কাছে অস্বাভাবিক কিছু নয়। দীর্ঘ সময় একসঙ্গে কাজ করার ফলে সম্পর্ক তৈরি হওয়াটাই স্বাভাবিক বলে মনে করেন তিনি। তবে সমস্যাটা অন্য জায়গায়।
সেলিমের কথায়, সলমন এমন একজন জীবনসঙ্গিনী চান, যিনি সংসারকে অগ্রাধিকার দেবেন। যিনি বাড়ির দেখভাল করবেন, সন্তানদের বড় করবেন, তাঁদের পড়াশোনা থেকে দৈনন্দিন জীবনের দায়িত্ব সামলাবেন। কিন্তু বর্তমান সময়ের অভিনেত্রীদের জীবনযাপন এবং পেশাগত উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সেই ভাবনা মেলে না বলেই মনে করেন তিনি।
সাক্ষাৎকারে সেলিম খান বলেন, “সলমন আসলে নিজের মায়ের প্রতিচ্ছবি খোঁজে। যেটা ওর মা করেছে ওদের জন্য, সলমন চায় ওর সঙ্গিনীও তেমনটাই করুক। কিন্তু সেটা এখন আর সম্ভব নয়।”
এই মন্তব্য ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়। বিশেষ করে ঐশ্বর্য রাই (Aishwarya Rai)-এর সঙ্গে সলমনের অতীত সম্পর্ক নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। বলিউডের অন্যতম আলোচিত প্রেমের গল্প ছিল তাঁদের সম্পর্ক। পরে বিচ্ছেদ ঘিরেও কম বিতর্ক হয়নি। যদিও সেই অধ্যায় এখন অতীত। বর্তমানে ঐশ্বর্য রাই সংসার করছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)-এর সঙ্গে। অন্য দিকে ক্যাটরিনা কাইফ বিয়ে করেছেন ভিকি কৌশল (Vicky Kaushal)-কে।
এ দিকে বহুদিন ধরেই রোমানিয়ান শিল্পী Iulia Vantur-এর সঙ্গে সলমনের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। তবে সেই সম্পর্ক আদৌ বিয়ের দিকে এগোবে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশাই রয়ে গিয়েছে।








