Annapurna Bhandar: ১২ পাতার অন্নপূর্ণা ফর্ম পূরণ করলে বড় সুবিধা পাবেন, সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

On: Thursday, July 2, 2026 11:47 AM
---Advertisement---

অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র ১২ পাতার হওয়ায় শুরু থেকেই নানা প্রশ্ন উঠেছিল। মাসিক আর্থিক সহায়তার একটি প্রকল্পে আবেদন করতে গিয়ে কেন এত বিস্তৃত ব্যক্তিগত তথ্য দিতে হবে, তা নিয়ে অনেক আবেদনকারীই অসন্তোষ প্রকাশ করেছিলেন। অবশেষে সেই বিতর্কের জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, এই দীর্ঘ আবেদনপত্রের উদ্দেশ্য শুধুমাত্র এই প্রকল্পের জন্য তথ্য সংগ্রহ নয়। বরং একবার আবেদনকারীর সমস্ত তথ্য সরকারি পোর্টালে নথিভুক্ত হয়ে গেলে ভবিষ্যতে কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক প্রকল্পে একই তথ্য বারবার জমা দেওয়ার প্রয়োজন হবে না। তাঁর দাবি, এর ফলে সাধারণ মানুষের আবেদন প্রক্রিয়া অনেকটাই সহজ হবে।

সমালোচনার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “১২ পাতার ফর্ম নিয়ে সমালোচনা হয়েছে। আসলে ৪ পাতা ছাড়া ফিলআপের কিছু ছিল না। আর একবার আপনি ফিলআপ করে দিয়েছেন, পোর্টালে আপলোড হয়ে গিয়েছে। শুধু এই স্কিম নয়, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের আরও অসংখ্য স্কিমে আপনি সুযোগ পাবেন। আপনাকে আর ফর্ম পূরণ করতে হবে না। তাই, আপনারাও সহযোগিতা করেছেন। আমরাও আপনাদের ধৈর্যকে কুর্নিশ জানাই।”

আবেদনের সময়সীমা নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, এখনও আবেদন করার সুযোগ রয়েছে। যাঁরা এখনও ফর্ম জমা দিতে পারেননি, তাঁরা জুলাই ও অগস্ট মাস জুড়ে আবেদন করতে পারবেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “পুরো জুন মাস সময় পেয়েছেন। পুরো জুলাই ও অগস্ট মাস পাবেন। ফর্ম পূরণ করুন।”

এদিন প্রশাসনের তরফে আবেদন যাচাইয়ের অগ্রগতির ছবিও তুলে ধরা হয়। সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ১ কোটি ৬০ লক্ষ আবেদন জমা পড়েছে। যাচাইয়ের পর দেখা গিয়েছে, সব আবেদন নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করেনি। ফলে একাংশ আবেদন বাতিল করা হয়েছে। অন্যদিকে, যাঁদের আবেদন গ্রহণ করা হয়েছে, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে আর্থিক সহায়তার টাকা পাঠানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

১২ পাতার আবেদনপত্র নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, মুখ্যমন্ত্রীর বক্তব্যে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে রাজ্য সরকার। একই সঙ্গে প্রশাসনের দাবি, ভবিষ্যতে একাধিক সরকারি প্রকল্পে আবেদন প্রক্রিয়াকে আরও দ্রুত ও ঝামেলামুক্ত করতেই এই তথ্যভান্ডার তৈরি করা হচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now