WhatsApp ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তনের পথে Meta। খুব শীঘ্রই জনপ্রিয় মেসেজিং অ্যাপে চালু হতে চলেছে Username ফিচার। এই সুবিধা চালু হলে ফোন নম্বর শেয়ার না করেও অন্যদের সঙ্গে যোগাযোগ করা যাবে। ফলে ব্যক্তিগত নম্বর গোপন রাখার সুযোগ আরও বাড়বে। বিশেষ করে অচেনা ব্যক্তি বা বড় গ্রুপে যুক্ত হওয়ার ক্ষেত্রে এই আপডেট ব্যবহারকারীদের গোপনীয়তা আরও সুরক্ষিত করবে।
এতদিন WhatsApp-এ যোগাযোগের একমাত্র পরিচয় ছিল মোবাইল নম্বর। কিন্তু নতুন ব্যবস্থায় প্রত্যেক ব্যবহারকারী ৩ থেকে ৩৫ অক্ষরের একটি ইউনিক Username বেছে নিতে পারবেন। সেই Username দিয়েই তাঁকে খুঁজে পাওয়া যাবে। তবে Instagram বা X-এর মতো কোনও পাবলিক সার্চ ডিরেক্টরি থাকবে না। কারও সঙ্গে প্রথমবার যোগাযোগ করতে হলে তাঁর সঠিক Username জানতেই হবে।
Meta-র দাবি, এই ফিচারের মূল লক্ষ্য ব্যবহারকারীদের ফোন নম্বরকে আরও সুরক্ষিত রাখা। বড় WhatsApp গ্রুপে যোগ দেওয়া বা প্রথমবার কোনও ব্যক্তি কিংবা ব্যবসায়িক অ্যাকাউন্টে বার্তা পাঠানোর সময় আর স্বয়ংক্রিয়ভাবে ফোন নম্বর দেখা যাবে না। ব্যবহারকারী চাইলে তবেই নিজের নম্বর অন্যদের সঙ্গে ভাগ করবেন।
Username-এর পাশাপাশি একটি Username Key-ও সেট করা যাবে। প্রথমবার কেউ যোগাযোগ করার সময় অতিরিক্ত নিরাপত্তার জন্য এই Key ব্যবহার করা হবে। প্রয়োজন হলে পরে সেটি পরিবর্তনও করা যাবে। এছাড়া আলাদা Username তৈরিতে সমস্যা হলে অ্যাপের মধ্যেই Username Generator-এর সুবিধা দেওয়া হবে।
ফিচারটি চালু হলে Settings থেকে Account বিভাগে গিয়ে Username অপশনে নিজের পছন্দের নাম সংরক্ষণ করা যাবে। WhatsApp জানিয়েছে, বিশ্বজুড়ে বিপুল সংখ্যক ব্যবহারকারী একই ধরনের Username চাইতে পারেন। তাই আগে থেকেই পছন্দের Username সংরক্ষণের সুযোগ দেওয়া হবে।
ব্যবসায়িক অ্যাকাউন্ট, কনটেন্ট ক্রিয়েটর এবং বিভিন্ন সংস্থার জন্যও থাকছে বিশেষ সুবিধা। Instagram বা Facebook-এ যাঁদের আগে থেকেই Username রয়েছে, তাঁরা একই পরিচয় WhatsApp-এও ব্যবহার করতে পারবেন। এতে সব প্ল্যাটফর্মে একই ব্র্যান্ড পরিচয় বজায় রাখা সহজ হবে।
ভুয়ো পরিচয় ও প্রতারণা রুখতে কিছু Username সংরক্ষিত রাখা হবে বলেও জানিয়েছে WhatsApp। সেলিব্রিটি, সরকারি সংস্থা এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নাম অন্য কেউ ব্যবহার করতে পারবেন না।
WhatsApp-এর প্রধান কুনাল শাহ X-এ লিখেছেন, ‘‘সময়ই সবকিছু। সারা বিশ্বের জন্য ফিচারটি চালু হওয়ার আগে WhatsApp-এ এসে নিজের Username সংরক্ষণ করুন। আরও ব্যক্তিগতভাবে যোগাযোগ করার নতুন উপায় খুব শীঘ্রই আসছে।’’






