ম্যাচের আগে বারবার যে গান শোনেন বিরাট, বাবাকে হারানোর স্মৃতি জড়িয়ে রয়েছে সেই সুরে

On: Sunday, June 21, 2026 10:34 PM
---Advertisement---

ক্রিকেট মাঠে তাঁর লড়াকু মানসিকতা বহুবার ভারতকে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেছে। কিন্তু সেই মানসিক শক্তির পিছনে ব্যক্তিগত জীবনের কিছু গভীর অনুভূতিও কাজ করে। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটি বিশেষ গানের কথা জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক Virat Kohli।

বিরাট জানান, পাঞ্জাবি গায়ক Karan Aujla-র ‘উইনিং স্পিচ’ গানটি তাঁর অত্যন্ত প্রিয়। শুধু পছন্দের গান বললে ভুল হবে, এই গানের কথার সঙ্গে নিজের জীবনসংগ্রামেরও মিল খুঁজে পান তিনি। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, কর্ণের সামনে বসেই গানটির প্রশংসা করছেন বিরাট।

ক্রিকেটারের কথায়, “তুমি হৃদয় থেকে গান লেখো। ‘উইনিং স্পিচ’ এমন একটি গান, যার সঙ্গে আমি সবচেয়ে বেশি নিজেকে যুক্ত করতে পারি। কারণ এই গানটি তোমার জীবনের গল্প বলে, আর আমার জীবনেও সেই গল্পের কিছু প্রতিফলন রয়েছে। খুব অল্প বয়সে আমিও বাবাকে হারিয়েছি। তাই গানটি আমার কাছে আলাদা গুরুত্ব বহন করে। অনেক গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আমি এই গান শুনেছি।”

সেই একই অনুষ্ঠানে নিজের ক্রিকেট-দর্শন নিয়েও কথা বলেন বিরাট। তাঁর মতে, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়াই সাফল্যের অন্যতম চাবিকাঠি। উদাহরণ হিসেবে তুলে ধরেন ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক জয়ের ম্যাচটি।

বিরাট বলেন, “অনেকেই যখন মনে করেন সব শেষ, তখনই আমি সুযোগ খুঁজতে শুরু করি। ছোটবেলা থেকেই এই মানসিকতা নিয়ে বড় হয়েছি। যতক্ষণ খেলা শেষ না হচ্ছে, ততক্ষণ আমি হার মেনে নিই না। অনেক সময় অসম্ভব মনে হওয়া পরিস্থিতিও বদলে যেতে দেখেছি।”

তিনি আরও যোগ করেন, “পাকিস্তানের বিরুদ্ধে মেলবোর্নের সেই ম্যাচ আমার স্মৃতিতে চিরকাল থাকবে। পরে শুনেছিলাম, তখন আমাদের জয়ের সম্ভাবনা নাকি মাত্র ৩ শতাংশ ছিল। কিন্তু আমি কখনও সেই হিসাব করিনি। আমার কাছে ১ শতাংশ সম্ভাবনাও যথেষ্ট। সুযোগ যতক্ষণ থাকে, আশা ততক্ষণ বেঁচে থাকে।”

উল্লেখ্য, কর্ণ অজুলা বর্তমানে পাঞ্জাবি সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় নাম। ‘তওবা তওবা’, Gangsta, Bachke Bachke, Boyfriend এবং For A Reason-এর মতো একাধিক হিট গানের মাধ্যমে তিনি ইতিমধ্যেই শ্রোতাদের মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছেন। আর তাঁরই একটি গান আজ বিরাট কোহলির জীবনের আবেগ, স্মৃতি এবং লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now