মাতৃত্বের পর থেকেই নিজেকে অনেকটাই আড়ালে রেখেছিলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। সামাজিক মাধ্যমে মাঝেমধ্যে পরিবারের সঙ্গে কিছু ছবি পোস্ট করলেও, জনসমক্ষে খুব একটা দেখা যায়নি অভিনেত্রীকে। সেই অপেক্ষার অবসান ঘটল সম্প্রতি। প্রথম বার পুত্র বিহানকে নিয়ে প্রকাশ্যে দেখা গেল ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনাকে।
মুম্বই বিমানবন্দরে সন্তানকে কোলে নিয়ে নামতে দেখা যায় অভিনেত্রীকে। ছেলেকে আগলে রেখেই দ্রুত বিমানবন্দর থেকে বেরিয়ে যান তিনি। তারকাদম্পতিকে দেখেই ভিড় করেন আলোকচিত্রীেরা। তবে ক্যাটরিনা অনুরোধ করেন, যেন বিহানের ছবি তোলা না হয়। অভিনেত্রীর সেই অনুরোধ রাখেন ছবিশিকারিরাও।
যদিও পুরোপুরি আড়ালেও রাখেননি ছেলেকে। উপস্থিত আলোকচিত্রীদের সঙ্গে ছেলের আলাপও করিয়ে দেন অভিনেত্রী। সেই মুহূর্ত ঘিরেই এখন বলিপাড়ায় চর্চা তুঙ্গে।
গত বছরের নভেম্বর মাসে পুত্রসন্তানের জন্ম দেন ক্যাটরিনা। তার পর থেকেই অভিনয় এবং জনসমক্ষে উপস্থিতি— দুই থেকেই খানিক দূরে ছিলেন তিনি। নতুন মা হওয়ার পর তাঁর চেহারাতেও বদল নজরে এসেছে। তবে সে সব নিয়ে বিশেষ মাথা ঘামাতে নারাজ অভিনেত্রী। বরং এখন তাঁর সমস্ত সময় জুড়ে ছোট্ট বিহান।
এখনও মাত্র সাত মাস বয়স ভিকি-ক্যাটের ছেলের। তার মধ্যেই তাকে নিয়ে সফরে বেরিয়েছেন তাঁরা। তবে আপাতত ছেলের মুখ জনসমক্ষে পুরোপুরি আনতে চাইছেন না এই তারকাদম্পতি। বলিউডে অবশ্য এ এক পরিচিত ট্রেন্ড। অনেক তারকাই সন্তানের এক বছর বয়সের আগে তাকে ক্যামেরার সামনে আনতে চান না।
এর আগে রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt) তাঁদের মেয়েকে এক বছর বয়সের পরে প্রকাশ্যে এনেছিলেন। একই পথ অনুসরণ করেছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-ও। ফলে জল্পনা, বিহানের ক্ষেত্রেও হয়তো আরও কিছু মাস অপেক্ষা করতে হতে পারে অনুরাগীদের।








