UPI নিয়ে বড় বদল, ২ হাজারের বেশি পেমেন্টে মাশুল! কার কত খরচ?

On: Tuesday, September 15, 2026 8:40 PM
---Advertisement---

ইউপিআই লেনদেনের ক্ষেত্রে নতুন মাশুল কাঠামো চালু করতে চলেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই। ১৫ অক্টোবর থেকে নির্দিষ্ট কিছু ব্যবসায়িক লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর কার্যকর হবে। তবে সাধারণ গ্রাহকদের জন্য এবং ২,০০০ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেনে কোনও মাশুল দিতে হবে না।

মঙ্গলবার সন্ধ্যায় নতুন এমডিআর কাঠামো প্রকাশ করেছে ইউপিআই নিয়ন্ত্রক সংস্থা। সেই কাঠামো অনুযায়ী, ২,০০০ টাকার বেশি কিছু মার্চেন্ট লেনদেনে সর্বোচ্চ ০.৪ শতাংশ পর্যন্ত এমডিআর ধার্য করা হবে। এই মাশুল মূলত ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য।

ছোট ব্যবসায়ীদের জন্য থাকছে ছাড়
কিউআর কোডের মাধ্যমে মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত আয় করা ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে এমডিআর নেওয়া হবে না। ফলে ছোট ব্যবসায়ীদের উপর নতুন নিয়মের প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে।

কোন ক্ষেত্রে কত মাশুল
রেলওয়ে, টেলিকম, বিমা, জ্বালানি এবং কৃষি উপকরণের মতো নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে ২,০০০ টাকার বেশি প্রতিটি ইউপিআই লেনদেনে ৫ টাকা করে এমডিআর দিতে হবে।

অন্যদিকে মিউচুয়াল ফান্ড, সিকিউরিটিজ, স্টক ব্রোকার এবং ডিলারদের মতো ক্ষেত্রে মার্চেন্টকে টাকা পাঠানোর সময় ০.০২ শতাংশ হারে এমডিআর ধার্য হবে।

উচ্চমূল্যের অন্যান্য পিয়ার টু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রেও এমডিআর প্রযোজ্য হবে। তবে লেনদেনের অঙ্ক যতই বেশি হোক, এই মাশুলের সর্বোচ্চ সীমা ৩০০ টাকা। অর্থাৎ ৭৫,০০০ টাকা বা তার বেশি মূল্যের নির্দিষ্ট লেনদেনেও সর্বাধিক ৩০০ টাকা পর্যন্ত এমডিআর নেওয়া যাবে।

কারা পাবেন এই মাশুল
নতুন কাঠামোয় সংগৃহীত এমডিআর পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন অংশীদারের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এর মধ্যে ব্যাঙ্ক এবং ইউপিআই অ্যাপ প্রদানকারী সংস্থাগুলিও রয়েছে।

গ্রাহকের UPI পেমেন্টে কি মাশুল লাগবে
এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নতুন এমডিআর কাঠামো চালু হলেও সাধারণ গ্রাহকের জন্য ইউপিআই লেনদেন বিনামূল্যেই থাকবে।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ইতিমধ্যেই জানিয়েছে, ২,০০০ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেনে গ্রাহকের কাছ থেকে কোনও অতিরিক্ত মাশুল নেওয়া যাবে না। ১৪ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ধরনের ইলেকট্রনিক পেমেন্টের ক্ষেত্রে ব্যাঙ্ক বা পেমেন্ট সিস্টেম প্রদানকারী সংস্থা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোনও মাশুল ধার্য করতে পারবে না।

ফলে নতুন নিয়মে মূল পরিবর্তনটি হচ্ছে নির্দিষ্ট উচ্চমূল্যের ব্যবসায়িক লেনদেনে। সাধারণ মানুষের দৈনন্দিন ইউপিআই পেমেন্টে আপাতত কোনও অতিরিক্ত খরচ যুক্ত হচ্ছে না।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now