নগদ টাকার বদলে এখন অধিকাংশ মানুষই ভরসা করেন ইউপিআই-তে। দোকান, বাজার, রেস্তোরাঁ কিংবা অনলাইন কেনাকাটা— মুহূর্তের মধ্যে লেনদেন সেরে ফেলেন কোটি কোটি ব্যবহারকারী। এতদিন এই পরিষেবা ব্যবহার করতে কোনও অতিরিক্ত চার্জ দিতে হত না। তবে ভবিষ্যতে সেই ছবিতে পরিবর্তন আসতে পারে। লোকসভায় পাশ হয়েছে এমন একটি সংশোধনী বিল, যা প্রয়োজনে ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) চালুর আইনি পথ খুলে দিল।
কর ও অন্যান্য আইন (সংশোধনী) বিলের মাধ্যমে পেমেন্ট ও সেটেলমেন্ট সিস্টেম আইনে পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে। এই সংশোধনের ফলে কেন্দ্রীয় সরকার চাইলে নির্দিষ্ট ধরনের ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে ব্যাঙ্ক এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে এমডিআর নেওয়ার অনুমতি দিতে পারবে।
লোকসভায় বিলটি পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সরকার জানিয়েছে, এই মুহূর্তে ইউপিআই ব্যবহারকারীদের জন্য কোনও নতুন চার্জ কার্যকর হচ্ছে না। কোন ধরনের লেনদেনে এমডিআর প্রযোজ্য হবে, কত হারে নেওয়া হবে এবং কবে থেকে তা চালু হবে, সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সরকারের দাবি, দেশের দ্রুত বাড়তে থাকা ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে দীর্ঘমেয়াদে আরও কার্যকর ও আর্থিকভাবে টেকসই করে তুলতেই এই আইনি পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘদিন ধরেই ব্যাঙ্ক ও পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি এমডিআর চালুর দাবি জানিয়ে আসছিল।
উল্লেখ্য, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ইউপিআই ও রুপে-ভিত্তিক লেনদেনে এমডিআর তুলে দেওয়া হয়েছিল। এর ফলে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মধ্যে ডিজিটাল পেমেন্টের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নতুন সংশোধনের ফলে ভবিষ্যতে সেই নীতিতে পরিবর্তনের সুযোগ তৈরি হলেও, আপাতত ইউপিআই ব্যবহারকারীদের অতিরিক্ত কোনও চার্জ দিতে হচ্ছে না।







