এতদিন Uber মানেই মূলত ক্যাব বা সড়কপথের যাতায়াত। এবার সেই ধারণা বদলাতে চলেছে। ভারতে নিজেদের পরিষেবার পরিধি আরও বাড়িয়ে Uber অ্যাপের মধ্যেই ট্রেনের টিকিট খোঁজা ও বুক করার সুবিধা চালু করছে সংস্থাটি। এই পরিষেবা দিতে ট্রাভেল প্ল্যাটফর্ম ixigo-র সঙ্গে অংশীদারিত্ব করেছে Uber।
নতুন ব্যবস্থায় অ্যাপ থেকে বেরিয়ে অন্য কোনও প্ল্যাটফর্মে যেতে হবে না। ট্রেনের সময়সূচি ও উপলব্ধ আসন খোঁজা, টিকিট বুক করা থেকে শুরু করে PNR স্ট্যাটাস দেখা, সবই করা যাবে Uber অ্যাপের মাধ্যমে। শুধু তাই নয়, স্টেশনে পৌঁছনো কিংবা ট্রেন থেকে নেমে গন্তব্যে যাওয়ার জন্য Uber ক্যাবও বুক করা যাবে।
কীভাবে Uber-এ ট্রেনের টিকিট কাটবেন?
Uber অ্যাপ খুলে হোম স্ক্রিনের ‘Bus & Train’ অপশনে যেতে হবে। Services বিভাগ থেকেও এই পরিষেবা বেছে নেওয়া যাবে। এরপর কোথা থেকে যাত্রা শুরু করবেন, কোথায় যাবেন এবং যাত্রার তারিখ দিতে হবে।
এর পর অ্যাপে সংশ্লিষ্ট রুটের উপলব্ধ ট্রেনগুলির তালিকা দেখা যাবে। পছন্দের ট্রেন বেছে নিয়ে বুকিংয়ের প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে। টিকিট কাটার পর তার যাবতীয় তথ্য এবং PNR-এর বর্তমান স্ট্যাটাসও Uber অ্যাপ থেকেই দেখা সম্ভব হবে। গোটা বুকিং প্রযুক্তির পিছনে থাকবে ixigo।
বাড়ি থেকে গন্তব্য, পুরো যাত্রার পরিকল্পনা এক অ্যাপেই
নতুন পরিষেবার বিশেষত্ব শুধু ট্রেনের টিকিট বুকিংয়ে নয়। ধরুন, বাড়ি থেকে রেলস্টেশনে যাওয়ার জন্য Uber প্রয়োজন। ট্রেনের টিকিট কাটার পর একই অ্যাপ থেকেই স্টেশনে যাওয়ার ক্যাব বুক করা যাবে। ট্রেনে গন্তব্যে পৌঁছনোর পর স্টেশন থেকে শেষ গন্তব্যে যাওয়ার জন্যও ফের Uber বুক করা সম্ভব।
অর্থাৎ, বাড়ি থেকে স্টেশন, স্টেশন থেকে ট্রেন, ট্রেনযাত্রা এবং গন্তব্য স্টেশন থেকে শেষ ঠিকানা পর্যন্ত পুরো যাত্রাপথ একটি অ্যাপের মাধ্যমে পরিচালনা করার সুযোগ তৈরি হচ্ছে।
কেন এই পরিষেবা আনছে Uber?
ভারতে যাতায়াতের ক্ষেত্রে রেলের গুরুত্বের কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থা। Uber India এবং South Asia-এর Business Development Director অর্ণব কুমার বলেন, “ভারতে মানুষের যাতায়াতের ক্ষেত্রে ট্রেনযাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তাঁর বক্তব্য, ট্রেনে ওঠার আগে এবং ট্রেন থেকে নামার পর যাত্রীদের যে যাতায়াত করতে হয়, সেই অংশটিও সহজ করাই নতুন পরিষেবার অন্যতম লক্ষ্য।
অন্যদিকে, ixigo-র Group CEO Aloke Bajpai এবং Group Co-CEO Rajnish Kumar-এর বক্তব্য, সংস্থার লক্ষ্য শুধু টিকিট বুকিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। বুকিংয়ের পর যাত্রীদের সহায়তা এবং অন্যান্য ভ্রমণ পরিষেবার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
ক্যাবের পাশাপাশি একাধিক পরিবহণ পরিষেবায় Uber
ভারতে নিজেদের ‘মোবিলিটি প্ল্যাটফর্ম’ হিসেবে আরও শক্তিশালী করার পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ। ইতিমধ্যেই Uber-এর পরিষেবার তালিকায় রয়েছে Moto, Auto, Cars, Metro, Intercity Cars এবং Intercity Buses। চলতি বছরেই ixigo-র AbhiBus-এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে Uber অ্যাপ থেকে আন্তঃশহর বাসের টিকিট কাটার সুবিধাও চালু হয়েছিল।
রেলস্টেশনে যাত্রীদের যাতায়াত সহজ করতে একাধিক বড় স্টেশনে পিকআপ ও ড্রপ-অফ জোন তৈরির উদ্যোগও নিয়েছে সংস্থাটি।
ভারতীয় রেলের বিপুল যাত্রীসংখ্যাও এই পরিষেবার পিছনে বড় কারণ। Uber-এর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতীয় রেল ৭৪১ কোটি যাত্রী পরিবহণ করেছে। ফলে ট্রেনযাত্রীদের একটি বড় অংশ Uber-এর নতুন পরিষেবার সম্ভাব্য ব্যবহারকারী হতে পারেন।
সব মিলিয়ে, নতুন ফিচারের মাধ্যমে Uber আর শুধু ক্যাব বুকিংয়ের অ্যাপ থাকছে না। একই প্ল্যাটফর্মে সড়কপথ ও রেলপথের পরিষেবা যুক্ত করে যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ট্রাভেল প্ল্যান করার সুযোগ তৈরি করছে সংস্থাটি।







