বিশ্বকাপের মঞ্চে নামার আগেই যেন বড় স্বস্তির নিঃশ্বাস ফেলল টিম ইন্ডিয়া।
টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর আগে প্রস্তুতি ম্যাচেই আগুনে প্রত্যাবর্তন করলেন Tilak Varma। অণ্ডকোষের জটিল অস্ত্রোপচারের পর মাঠে নেমেই ব্যাট ও বল—দুই বিভাগেই নিজের ছাপ রেখে গেলেন এই তরুণ অলরাউন্ডার।
সোমবার, ২ ফেব্রুয়ারি নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আমেরিকার বিরুদ্ধে বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে ইন্ডিয়া ‘এ’ দলের হয়ে খেলেন তিলক। মূল বিশ্বকাপের আগে ম্যাচ ফিটনেস ফিরে পেতেই এই প্রস্তুতি ম্যাচে সুযোগ পান তিনি।
সম্প্রতি বিজয় হাজারে ট্রফি চলাকালীন গুরুতর শারীরিক সমস্যায় পড়েন তিলক। টেস্টিকুলার টর্শনের কারণে দ্রুত অস্ত্রোপচার করতে হয় তাঁকে। এরপর দীর্ঘ রিহ্যাবের পর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্স থেকে ফিটনেস সার্টিফিকেট পান তিনি।
ফিটনেসের পরীক্ষায় পাশ করেই ব্যাট হাতে ঝলসে ওঠেন তিলক। তিনে নেমে মাত্র ২৪ বলে ৩৮ রান করেন তিনি। ৩টি চার ও ২টি ছক্কায় ১৫৮.৩৩ স্ট্রাইক রেটে খেলে আত্মবিশ্বাসের ইঙ্গিত দেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা।
এদিন সেঞ্চুরিয়ান নারায়ণ জগদীসনের সঙ্গে ১১৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিলক। জগদীসন ৫৫ বলে ১০৪ রান করে ইনিংসের নায়ক হন। তিলক আউট হওয়ার পর অধিনায়ক আয়ুশ বাদোনি ২৬ বলে অপরাজিত ৬০ রান করে দলের স্কোর পাহাড়প্রমাণ করেন।
শুধু ব্যাট নয়, বল হাতেও কার্যকর ছিলেন তিলক। অফ-ব্রেক বোলিংয়ে এক ওভারে ১৫ রান দিয়ে তুলে নেন একটি গুরুত্বপূর্ণ উইকেট। ইউএসএ-র ওপেনার অ্যান্ড্রিস গাউসকে ফেরান তিনি।
ম্যাচে ইন্ডিয়া ‘এ’ ২০ ওভারে তোলে ২৩৮/৩। জবাবে ইউএসএ ১৯.৪ ওভারে ২০০ রানে অলআউট হয়ে যায়। রবি বিষ্ণোই ৩ উইকেট নেন, খালিল আহমেদ পান ২টি।
অস্ত্রোপচারের ধাক্কা কাটিয়ে এই পারফরম্যান্স নিঃসন্দেহে ভারতীয় শিবিরে আত্মবিশ্বাস বাড়াল। বিশ্বকাপের ঠিক আগে তিলক ভার্মার এই ফর্ম টিম ইন্ডিয়ার ব্যাটিং ইউনিটে বাড়তি অক্সিজেন হিসেবেই ধরা হচ্ছে।








