প্রথম গাড়ি কেনার পরিকল্পনা করছেন? বাজেট সীমিত হলেও নিরাপত্তা, মাইলেজ এবং নির্ভরযোগ্যতার সঙ্গে আপস করতে না চাইলে Tata Tiago আপনার পছন্দের তালিকায় থাকতে পারে। তুলনামূলক কম দামের পাশাপাশি নিরাপত্তা বৈশিষ্ট্যের জন্য এই হ্যাচব্যাক দীর্ঘদিন ধরেই ক্রেতাদের নজরে রয়েছে। মাত্র ₹৫০ হাজার ডাউন পেমেন্ট করেও এই গাড়ি কেনা সম্ভব। তবে সেক্ষেত্রে মাসে কত EMI দিতে হবে?
Tata Tiago Smart বেস ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ₹৪.৬৯ লাখ থেকে। কলকাতায় রেজিস্ট্রেশন, বিমা এবং অন্যান্য চার্জ যোগ করলে গাড়িটির অন-রোড দাম প্রায় ₹৫.৫৫ লাখ থেকে ₹৫.৭০ লাখের মধ্যে হতে পারে। সেই হিসাবে ₹৫০ হাজার ডাউন পেমেন্ট করলে প্রায় ₹৫ লাখ টাকার গাড়ির ঋণ নিতে হবে।
ব্যাঙ্ক সাধারণত আবেদনকারীর CIBIL স্কোর, আয় এবং অন্যান্য আর্থিক তথ্য বিচার করে গাড়ির ঋণ মঞ্জুর করে। যদি সুদের হার ৯.৫০ থেকে ১০ শতাংশের মধ্যে হয় এবং ঋণের মেয়াদ ৫ বছর রাখা হয়, তাহলে মাসিক EMI আনুমানিক ₹১০,৬০০ থেকে ₹১০,৭৫০ হতে পারে। অন্যদিকে ৬ বছরের জন্য ঋণ নিলে EMI কমে প্রায় ₹৯,২০০-এর কাছাকাছি নেমে আসতে পারে। তবে ঋণের মেয়াদ বাড়লে মাসিক কিস্তি কমলেও মোট সুদের অঙ্ক বেড়ে যায়।
পারফরম্যান্সের দিক থেকে Tata Tiago 2026-এ রয়েছে ১.২ লিটার, তিন সিলিন্ডারের ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন। পেট্রোল সংস্করণে এটি ৮৬ HP এবং CNG ভ্যারিয়েন্টে ৭৫.৫ HP শক্তি উৎপাদন করে। গাড়িতে ৫-স্পিড ম্যানুয়াল এবং ৫-স্পিড AMT গিয়ারবক্সের বিকল্প রয়েছে। CNG AMT সংস্করণে প্যাডেল শিফটারও যুক্ত হয়েছে।
ফিচারের দিক থেকেও গাড়িটি বেশ সমৃদ্ধ। এতে রয়েছে ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, Android Auto, Apple CarPlay, ওয়্যারলেস চার্জিং, অটো ক্লাইমেট কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল এবং ৩৬০ ডিগ্রি ক্যামেরার মতো সুবিধা।
নিরাপত্তার ক্ষেত্রেও একাধিক আধুনিক ফিচার রয়েছে। ৬টি এয়ারব্যাগ, ABS-এর সঙ্গে EBD, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল (ESC), পার্কিং সেন্সর এবং ISOFIX চাইল্ড সিট অ্যাঙ্কর দেওয়া হয়েছে। Global NCAP-এর ৪-স্টার সেফটি রেটিংও রয়েছে এই গাড়ির।
মাইলেজের দিক থেকেও Tiago যথেষ্ট আকর্ষণীয়। পেট্রোল সংস্করণে প্রতি লিটারে প্রায় ১৯ কিলোমিটার এবং CNG ভ্যারিয়েন্টে প্রতি কেজিতে প্রায় ২৮ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যেতে পারে। iCNG প্রযুক্তির কারণে দুটি CNG ট্যাঙ্ক বুট ফ্লোরের নীচে বসানো হয়েছে, ফলে লাগেজ রাখার জায়গাও তুলনামূলক বেশি পাওয়া যায়।
যাঁরা প্রথম গাড়ি হিসেবে একটি নিরাপদ, কম খরচে চালানো যায় এবং ফিচারসমৃদ্ধ হ্যাচব্যাক খুঁজছেন, তাঁদের কাছে Tata Tiago 2026 একটি গুরুত্বপূর্ণ বিকল্প হতে পারে। তবে ঋণ নেওয়ার আগে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার, প্রসেসিং ফি এবং EMI-র হিসাব মিলিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ।






