গ্রুপ পর্বে দাপুটে পারফরম্যান্স। তবু স্বস্তিতে নেই ভারতীয় শিবির।
T20 World Cup-এর সুপার এইটের আগে দলের ভিতরে দু’টি বড় উদ্বেগ সামনে এল। ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখতে জানিয়ে দিলেন, বাঁহাতি ব্যাটারদের আধিক্য এবং ফিঙ্গার স্পিনের বিরুদ্ধে ব্যাটিংই এখন বড় চ্যালেঞ্জ।
গ্রুপে অপরাজিত থেকেও কিছু পরিসংখ্যান ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে ৪২ ওভার স্পিন করানো হয়েছে। সেই ৪২ ওভারে ভারত তুলেছে ৩১৫ রান এবং হারিয়েছে ১৫টি উইকেট। ওভার প্রতি রান সাড়ে সাতের আশেপাশে। বিশেষ করে অফ স্পিনারদের বিরুদ্ধে বাঁহাতি ব্যাটারদের সমস্যাই বেশি ধরা পড়েছে।
নেদারল্যান্ডসের অফ স্পিনার আরিয়ান দত্ত ভারতের বিরুদ্ধে ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। সেই স্পেলই সতর্কবার্তা হিসেবে দেখছে দল। দুশখতে স্পষ্ট জানিয়েছেন, প্রতিপক্ষ দলগুলো ভারতের ব্যাটিং লাইন আপে বাঁহাতির সংখ্যা বেশি থাকায় ফিঙ্গার স্পিনারদের বেশি ব্যবহার করছে।
পাকিস্তানের বিরুদ্ধেও স্পিন বড় ভূমিকা নিয়েছিল। ১৪ ওভার স্পিনে ভারত করেছিল ৪ উইকেটে ৭৮ রান। বড় মাঠ এবং ধীর পিচে ব্যাটিং আরও কঠিন হয়ে উঠছে বলেই মত টিম ম্যানেজমেন্টের।
সামনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। তাদের দলে কেশব মহারাজ, এডেন মার্করাম ও জর্জ লিন্ডের মতো মানসম্মত স্পিনার রয়েছেন। ফলে সুপার এইটের লড়াই সহজ হবে না, তা মানছেন কোচিং স্টাফ।
দুশখতে জানিয়েছেন, বড় মাঠে বাউন্ডারি পাওয়া কঠিন হচ্ছে। গত ১৮ মাসে দল বেশিরভাগ সময় ভালো ব্যাটিং পিচে খেলেছে। কিন্তু বিশ্বকাপের উইকেট আলাদা। এখানে বোলারেরা সাহায্য পাচ্ছেন বেশি। ফলে মানিয়ে নেওয়াটাই এখন প্রধান কাজ।
তবে দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনছে না ভারত। আগ্রাসী ক্রিকেটই খেলতে চায় দল। অনুশীলনে খুঁতগুলো শুধরে নেওয়ার চেষ্টা চলছে। সুপার এইটে টিকে থাকতে হলে স্পিনের বিরুদ্ধে ব্যাটিং উন্নত করতেই হবে, সেটাই এখন প্রধান লক্ষ্য।








