বিয়ের মণ্ডপে সাধারণত নজর থাকে কনের দিকে। কিন্তু এই বিয়েতে চিত্রটা একেবারেই উল্টো।
Vijay Rashmika wedding : দক্ষিণী তারকা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানার বিয়ের ছবিতে আলোচনার কেন্দ্রে উঠে এলেন বর নিজেই। বলিউড বা দক্ষিণী ছবির তারকাদের চেনা বিয়ের সাজ থেকে সম্পূর্ণ আলাদা পথে হাঁটলেন বিজয়।
শেরওয়ানি, কুর্তা বা জোধপুরি স্যুট নয়। সাদা ধুতি আর একটি মাত্র উত্তরীয়েই বিয়ের মণ্ডপে হাজির হলেন তিনি। ঊর্ধ্বাঙ্গে কোনও পোশাক নেই, শুধু দেবতার বিগ্রহের মতো ভারী গয়না।

চওড়া সোনার হার, হাতে একদন্ত বালা, বাহুতে বাজুবন্ধ, কানে বড় কানপাশা, কোমরে সোনার কোমরবন্ধ আর পায়ে খাড়ু। গোটা সাজে যেন মন্দিরের কোনও জীবন্ত প্রতিমূর্তি।
বিজয়ের ধুতিতে ছিল অনুজ্জ্বল সোনালি সুতোয় কাজ। সঙ্গে লাল উত্তরীয়েও একই নকশা। এই সাজের আরেকটি বিশেষ দিক ছিল হাতে ও পায়ে আলতা। সাধারণত বিয়ের আগে মেয়েদের মতোই বিজয়ের হাত ও পায়ের আঙুল রাঙানো হয়েছিল আলতায়।
ভেজা চুল ব্যাকব্রাশ করে আঁচড়ানো, কপালে তেলুগু বিবাহের অবিচ্ছেদ্য ‘বাসিকম’। হলুদ সুতোয় বাঁধা সোনার তাবিজ, যা বর ও বধূর আত্মিক বন্ধনের প্রতীক।
এই ঐতিহ্যবাহী পোশাকেই ঘোড়ায় চড়ে বিয়ের মণ্ডপে প্রবেশ করেন বিজয়। কপালে তিলক, সাদা গোলাপের সাজ আর মুখে প্রশান্ত হাসি।
এই সাজ দেখেই রশ্মিকা সামাজিক মাধ্যমে লিখেছিলেন, তিনি কতটা উত্তেজিত বিজয়ের স্ত্রী হতে চলেছেন তা ভাষায় প্রকাশ করা কঠিন। বিয়ের আসরে এমন ব্যতিক্রমী বরবেশ খুব কমই দেখা যায়, আর সেই কারণেই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে বিজয় দেবরকোন্ডার বিয়ের সাজ।








