বলিউডে আনন্দের খবর। জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেতা রণদীপ হুডাRandeep Hooda।
সম্প্রতি রণদীপ হুডা এবং তাঁর স্ত্রী লিন লাইশ্রাম তাঁদের প্রথম সন্তানের জন্মের সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এই দম্পতির ঘরে এসেছে একটি কন্যাসন্তান। খবরটি সামনে আসতেই অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া।
সবচেয়ে বিশেষ বিষয় হল, রণদীপ হুডার বাবা রনবীর হুডার জন্মদিনের দিনেই জন্ম হয়েছে তাঁদের কন্যাসন্তানের। ফলে পরিবারের কাছে দিনটি হয়ে উঠেছে দ্বিগুণ আনন্দের।
সোশ্যাল মিডিয়ায় এই সুখবর জানিয়ে রণদীপ কয়েকটি আবেগঘন ছবি শেয়ার করেন। একটি ছবিতে দেখা যায়, দাদু স্নেহভরে তাঁর নাতনিকে কোলে নিয়ে আদর করছেন। আরেকটি ছবিতে ধরা পড়েছে নবজাতকের ছোট্ট হাতের মিষ্টি মুহূর্ত।
ছবির ক্যাপশনে আবেগঘন বার্তা লিখে রণদীপ জানান, বাবা হওয়ার পর তিনি পিতৃত্বের প্রকৃত অর্থ আরও গভীরভাবে অনুভব করছেন।
তিনি লেখেন, “দাদু আর নাতনির একই দিনে জন্মদিন। আজ যখন আমি নিজে বাবা হয়েছি, তখন তোমার প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেছে বাবা। আর লিন, আমাকে বাবা বানানোর জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের ছোট্ট মেয়েকে এই পৃথিবীতে আনার জন্য তোমাকে সারা জীবনের ভালোবাসা।”
এই ঘোষণার পরই বন্ধু, সহকর্মী এবং ভক্তদের তরফ থেকে শুভেচ্ছা বার্তার ঢল নামে। অনেকেই নবজাতককে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, গত নভেম্বরেই এই দম্পতি প্রথমবার জানিয়েছিলেন যে তারা তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। দ্বিতীয় বিবাহবার্ষিকীর সময় সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে সেই সুখবর দিয়েছিলেন রণদীপ।
গর্ভাবস্থার সময় লিন লাইশ্রামও নিয়মিত বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতেন। বেবি বাম্পের ছবি থেকে শুরু করে মাতৃত্বকালীন ফটোশুট – সবকিছুই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন এই তারকা দম্পতি।







