অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)-র মৃত্যুর পর কেটে গিয়েছে দু’সপ্তাহের বেশি সময়। কিন্তু এখনও তাঁর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট নয়। এই আবহেই টলিউডে ‘ব্যান’ বিতর্ক নতুন মাত্রা পেয়েছে, আর সেই প্রসঙ্গেই সরব হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।
৭ এপ্রিল আর্টিস্ট ফোরাম (Artists’ Forum)-এর উদ্যোগে টেকনিশিয়ান স্টুডিয়োয় একটি জরুরি বৈঠক ডাকা হয়েছিল। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, নির্দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত ‘ম্যাজিক মোমেন্টস’ সংস্থার সঙ্গে কাজ থেকে বিরত থাকবেন শিল্পীরা। সেই বৈঠকেই ‘ব্যান’ প্রসঙ্গ তোলেন দেব (Dev)।
এর পর রবিবার ফের বৈঠকে বসে ফোরাম। সেখানে সহ-সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, “৭ এপ্রিল মিটিং হয়েছিল রাহুলের মৃত্যুর পরে শিল্পী ও কলাকুশলীদের সুরক্ষা নিয়ে। সকলে জানতে চায়, কী ভাবে মৃত্যু হয়েছে রাহুলের। আমি সে দিন দাদা হিসেবে বলেছিলাম এখন সকলে রাহুলকে নিয়ে আবেগপ্রবণ, তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ‘ব্যান’-এর কথাটা না বলে কয়েকদিন বাদে বলতে।”
দেবের ৭২ ঘণ্টার ‘চ্যালেঞ্জ’ নিয়ে প্রসেনজিতের স্পষ্ট জবাব, “এই উত্তরটা দেব ছাড়া আর কেউ দিতে পারবে না। আমি মনে করি ঘণ্টার চ্যালেঞ্জ দেওয়া বা নেওয়ার মতো যোগ্যতা আমার আছে।”
শুধু বর্তমান বিতর্ক নয়, অতীতের এক অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। তাঁর কথায়, “আড়াই বছর আগের ঘটনা। প্রতি পুজোয় একটা করে আমার ছবি মুক্তি পায়। ৯৯ শতাংশ ছবি দর্শক পছন্দও করেছে। ৪৫ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছি, ৪৫০-র বেশি ছবিতে অভিনয় করেছি। এই টেকনিশিয়ান স্টুডিয়োয় সকালে মেকআপ ভ্যানে এসেছি, তার পরেই আমার ছবিটাকে হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। কারণটা হয়তো অন্য ছিল।”
সোশ্যাল মিডিয়ায় তাঁকে ট্যাগ করে দেবের পোস্ট প্রসঙ্গেও অসন্তোষ প্রকাশ করেন প্রসেনজিৎ। তাঁর বক্তব্য, “এই বিষয়গুলো প্রায় দেড় থেকে দু’বছর ধরে চলছে। জল গড়িয়েছে আদালত পর্যন্ত। একটা জেনারেল মিটিং করে সমস্যা সমাধানের পথ খুঁজতে পারতাম। আন্দোলনের মাধ্যমে হোক বা আলোচনার মাধ্যমে। তবে সোশ্যাল মিডিয়ায় যাঁর উদ্দেশে কিছু পোস্ট করা হচ্ছে, তাঁকে একবার জানানো উচিত। এটা ব্যক্তিগত ভাবে আমার খারাপ লেগেছে।”
শেষে তিনি প্রশ্ন তোলেন, “পাবলিক ফোরামে এই ধরনের ৭২ ঘণ্টার চ্যালেঞ্জ কতটা যুক্তিসঙ্গত, আমি জানি না।”
রাহুলের মৃত্যুর তদন্ত ঘিরে অনিশ্চয়তার মধ্যেই টলিউডে এই বিতর্ক আরও জটিল আকার নিচ্ছে বলে মনে করছেন শিল্পীমহলের একাংশ।






