নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য সুখবর আসতে পারে। ২৫ হাজার টাকার কম দামের স্মার্টফোনে জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। এই পদক্ষেপ কার্যকর হলে দেশের বৃহৎ অংশের ক্রেতারা কম দামে স্মার্টফোন কেনার সুযোগ পেতে পারেন।
সম্প্রতি প্রকাশিত একটি সমীক্ষা রিপোর্টে জিটি ভারত এবং পিডব্লিউআইএফ এই সুপারিশ করেছে। তাদের দাবি, করের বোঝা কমানো হলে মধ্যবিত্ত ও সাধারণ মানুষের জন্য স্মার্টফোন আরও সহজলভ্য হবে। তবে এই প্রস্তাব সব ধরনের স্মার্টফোনের জন্য নয়। শুধুমাত্র ২৫ হাজার টাকার কম দামের মডেলের ক্ষেত্রেই জিএসটি কমানোর কথা বলা হয়েছে।
সমীক্ষা অনুযায়ী, দেশে ব্যবহৃত স্মার্টফোনের বড় অংশই এই দামের মধ্যে পড়ে। ভারতের মোট স্মার্টফোন ব্যবহারকারীদের প্রায় দুই-তৃতীয়াংশই ২৫ হাজার টাকার কম দামের ফোন ব্যবহার করেন। তুলনায় প্রিমিয়াম বা ফ্ল্যাগশিপ মডেলের ক্রেতার সংখ্যা এখনও অনেক কম। সেই কারণেই সব ফোনে একই হারে জিএসটি নেওয়ার পরিবর্তে দামের ভিত্তিতে কর নির্ধারণের পক্ষে মত দিয়েছে দুই সংস্থা।
রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে প্রায় ৩৫ কোটি মানুষ এখনও ফিচার ফোন ব্যবহার করছেন। স্মার্টফোনের উচ্চ দামই এর অন্যতম কারণ বলে দাবি করা হয়েছে। জিএসটি কমানো হলে এই বিপুল সংখ্যক ব্যবহারকারীর কাছেও স্মার্টফোন পৌঁছে দেওয়া সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে কেন্দ্র সরকার একাধিক পণ্যের জিএসটি হার পুনর্বিবেচনা করেছিল। সেই সময় ৪০০-রও বেশি পণ্যের কর ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়। এবার উৎসবের মরসুমের আগে স্মার্টফোনের উপর কর কমানোর এই প্রস্তাব সরকার গ্রহণ করে কি না, সেদিকেই নজর রয়েছে বাজার এবং ক্রেতাদের।







