Priyanka Sarkar: শোকের মাঝেই কাজে ফেরা, স্বামীর মৃত্যুর ১২ দিন পর শুটিং ফ্লোরে প্রিয়াঙ্কা

On: Friday, April 10, 2026 8:11 PM
---Advertisement---

ব্যক্তিগত জীবনের গভীর শোক কখনও কখনও থামিয়ে দিতে পারে না পেশার দায়বদ্ধতাকে। সেই কঠিন বাস্তবেরই আর এক উদাহরণ হয়ে উঠলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। স্বামী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)-র আকস্মিক মৃত্যুর মাত্র ১২ দিনের মাথায় তিনি ফিরলেন শুটিং ফ্লোরে।

সূত্রের খবর, শুক্রবার ওয়েব সিরিজ তারকাটা (Tarkata)-র অসম্পূর্ণ কিছু দৃশ্যের শুটিং করতে সেটে হাজির হন প্রিয়াঙ্কা। এই প্রোজেক্টে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যদিও আগে ঠিক ছিল আগামী সপ্তাহে কাজে ফিরবেন, পরিস্থিতির চাপে নির্ধারিত সময়ের আগেই ক্যামেরার সামনে দাঁড়াতে হয় তাঁকে।

গত ২৯ মার্চ শুটিং চলাকালীনই স্বামীর মৃত্যুর খবর পান প্রিয়াঙ্কা। সেই মুহূর্তে কাজ ফেলে ছুটে যান তিনি। তারপরের দিনগুলো কেটেছে শোক, প্রশ্ন আর লড়াইয়ের মধ্যে দিয়ে। স্বামীর মৃত্যুর নেপথ্যে কী ঘটেছিল, সেই উত্তর খুঁজতে রাজ্যের বাইরে পর্যন্ত যেতে হয়েছে তাঁকে। পাশাপাশি ইন্ডাস্ট্রির সহকর্মীদের সঙ্গে নিয়ে ন্যায়বিচারের দাবিতেও সরব হয়েছেন।

এই কঠিন সময়ে একদিকে যেমন পরিবারকে সামলেছেন, তেমনই ছোট ছেলে সহজকে আগলে রেখেছেন তিনি। কিন্তু জনসমক্ষে ব্যক্তিগত যন্ত্রণা প্রকাশ না করে বরং কাজের প্রতি দায়বদ্ধতাকেই গুরুত্ব দিয়েছেন।

শুটিংয়ে ফেরার আগে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন বার্তাও দেন প্রিয়াঙ্কা। তিনি লিখেছিলেন, “একটি মৃত্যু আজ আমাদের গোটা পরিবারকে এক সুতোয় গেঁথে দিল। তবে এই অকালপ্রয়াণ যেন নিছক একটি শোকের স্মৃতি হয়ে না থাকে, এটি যেন আরও বড় কোনও পরিবর্তনের সূচনা করে। তবেই এই মানুষটি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন, এটাই হবে তার প্রকৃত উত্তরসূরি বা লেগাসি। আমাদের লক্ষ্য হোক একটাই- ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে। টেকনিশিয়ান হোন বা শিল্পী- মৃত্যুর পর নিজের সম্মান আর মর্যাদার লড়াই যেন কাউকে লড়তে না হয়।”

শোকের ভার বুকে নিয়েও কাজের ময়দানে ফেরা—প্রিয়াঙ্কার এই পদক্ষেপ যেন আবারও মনে করিয়ে দিল, অনেকের কাছেই কর্মই শেষ কথা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now