WhatsApp New Features: ডিপি না থাকলেও চেনা যাবে মানুষ! সাইবার প্রতারণা রুখতে নতুন ফিচার আনছে হোয়াট্‌সঅ্যাপ

On: Monday, April 6, 2026 2:19 PM
---Advertisement---

চ্যাটে নাম আছে, নম্বর আছে—কিন্তু মুখ নেই। ফলে অনেক সময়ই বুঝে ওঠা কঠিন হয়ে যায়, ঠিক কার সঙ্গে কথা চলছে। বিশেষ করে যাঁরা প্রোফাইল ছবি ব্যবহার করেন না, তাঁদের ক্ষেত্রে এই বিভ্রান্তি আরও বাড়ে। সেই সমস্যারই সমাধান আনতে চলেছে WhatsApp।

নতুন আপডেটে এমন একটি ফিচার যোগ করার পরিকল্পনা হয়েছে, যার মাধ্যমে কোনও ব্যবহারকারীর হোয়াট্‌সঅ্যাপে ডিপি না থাকলেও তাঁর ছবি দেখা যেতে পারে। কীভাবে? সূত্রের দাবি, ফোনের কনট্যাক্টে থাকা ব্যক্তিদের সঙ্গে যুক্ত ইমেল প্রোফাইলের ছবি ব্যবহার করা হবে। অর্থাৎ, যাঁদের মোবাইল নম্বর Google-এর অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত, তাঁদের জিমেল প্রোফাইল ছবি হোয়াট্‌সঅ্যাপেই ভেসে উঠতে পারে।

এই ফিচারের লক্ষ্য মূলত পরিচয় শনাক্ত করা সহজ করা। একাধিক একই নামের কনট্যাক্ট থাকলে বা গ্রুপ চ্যাটে কেউ ছবি না রাখলে কে মেসেজ পাঠাচ্ছেন তা বোঝা কঠিন হয়ে পড়ে। নতুন ব্যবস্থায় সেই বিভ্রান্তি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে ভুল করে অন্য কাউকে মেসেজ পাঠিয়ে দেওয়ার ঝুঁকিও কমবে।

তবে এই পরিবর্তন ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে গোপনীয়তা নিয়ে। অনেক ব্যবহারকারীর আশঙ্কা, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা কি যথেষ্ট থাকবে? যদিও Meta-র দাবি, এই ফিচার বরং সাইবার প্রতারণা রুখতেই সাহায্য করবে। বেনামী অ্যাকাউন্ট খুলে প্রতারণা বা পরিচয় গোপন করে যোগাযোগ করার প্রবণতা কমানোই এর উদ্দেশ্য।

বর্তমানে হোয়াট্‌সঅ্যাপ ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রতারণার ঘটনা বেড়েই চলেছে। সেই প্রেক্ষিতে এই নতুন ফিচার ব্যবহারকারীদের কাছে কে বার্তা পাঠাচ্ছেন তা স্পষ্ট করে দেবে বলে মনে করছে সংস্থা। এখন দেখার, গোপনীয়তা বনাম নিরাপত্তার এই ভারসাম্য কতটা কার্যকরভাবে বজায় রাখতে পারে হোয়াট্‌সঅ্যাপ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now