PAN card for minor: অনেক অভিভাবকই জানতে চান, ছোট ছেলে বা মেয়ের জন্য PAN কার্ড করা দরকার কি না। বাস্তবে এটি সব ক্ষেত্রে বাধ্যতামূলক নয়, তবে অনেক আর্থিক কাজে এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
ভারতে PAN (Permanent Account Number) মূলত ট্যাক্স এবং আর্থিক লেনদেনের জন্য ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ পরিচয় নম্বর। এর জন্য কোনও নির্দিষ্ট বয়সসীমা নেই। অর্থাৎ ১৮ বছরের কম বয়সী শিশুরাও PAN কার্ড পেতে পারে।
সাধারণত অপ্রাপ্তবয়স্কদের জন্য PAN কার্ডের আবেদন করেন মা-বাবা বা আইনগত অভিভাবক।
অপ্রাপ্তবয়স্কদের PAN কার্ড দেখতে সাধারণ PAN কার্ডের মতো হলেও এতে কিছু পার্থক্য থাকে। এই কার্ডে সাধারণত শিশুর ছবি বা স্বাক্ষর থাকে না। আবেদন করার সময় ঠিকানার প্রমাণ হিসেবে অভিভাবকের নথি ব্যবহার করা হয়।
তবে শিশুর পরিচয়পত্র এবং জন্মতারিখের প্রমাণ অবশ্যই তার নিজের নামে হতে হবে।
কিছু বিশেষ পরিস্থিতিতে শিশুর PAN কার্ড দরকার হতে পারে। যেমন ব্যাংক অ্যাকাউন্ট খোলা, বিনিয়োগ করা বা সন্তানের নামে কোনও আর্থিক লেনদেন পরিচালনা করা।
২০২৬ সালের খসড়া আয়কর বিধি অনুযায়ী একটি নতুন নিয়ম প্রস্তাব করা হয়েছে। এতে বলা হয়েছে, ১ অক্টোবর ২০২৩ বা তার পরে জন্মানো শিশুদের PAN কার্ডের জন্য আবেদন করতে গেলে জন্ম সনদ বাধ্যতামূলক।
এই জন্ম সনদ হতে পারে পৌরসভা, জন্ম ও মৃত্যু নিবন্ধন দপ্তর বা বিদেশে জন্ম হলে ভারতীয় কনস্যুলেট থেকে ইস্যু করা।
শিশু যখন ১৮ বছর পূর্ণ করবে, তখন PAN নম্বর একই থাকবে। তবে কার্ড আপডেট করে তাতে ছবি এবং স্বাক্ষর যোগ করতে হবে।
বিশেষজ্ঞদের মতে, যদিও সব শিশুদের জন্য PAN কার্ড প্রয়োজন হয় না, তবু ব্যাংকিং, বিনিয়োগ বা ভবিষ্যতের আর্থিক লেনদেন সহজ করতে আগে থেকেই PAN কার্ড বানানো উপকারী হতে পারে।






