Arijit Singh : হঠাৎ করেই বলিউডের সংগীত জগতে নড়চড়ে ফেলে দিয়েছে অরিজিত সিংয়ের ঘোষণা। সিনেমার জন্য আর গান গাইবেন না তিনি— এমন সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে আলোচনা, বিতর্ক, প্রশংসা এবং প্রশ্ন।
অরিজিত স্পষ্ট করে দিয়েছেন, প্লেব্যাক গান থেকে সরে এলেও সংগীত থেকে সরে যাচ্ছেন না তিনি। নিজের মতো করে, স্বাধীনভাবে কাজ চালিয়ে যাবেন। এই ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়া ও সংগীত মহলে নানা প্রতিক্রিয়া উঠে এসেছে।
এই আবহেই মুখ খুললেন গায়ক ও অভিনেতা পলাশ সেন। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে তিনি জানালেন, অরিজিত যে পথ বেছে নিয়েছেন, সেই সিদ্ধান্ত তিনি নিজেও বহু আগেই নিয়েছিলেন।
পলাশ তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ২০০২ সালের ছবি ‘ফিলহাল’-এর কিছু পুরনো স্মৃতি। এই ছবির মাধ্যমেই অভিনেতা হিসেবে তাঁর বলিউড যাত্রা শুরু হয়েছিল। ছবিটি বাণিজ্যিক সাফল্য না পেলেও, পলাশের জীবনে তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পোস্টে পলাশ লেখেন, অভিনেতা হিসেবে তাঁর প্রথম ছবির মুক্তির পর তাঁকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। সিনে ইন্ডাস্ট্রির অনেকেই তাঁকে নিয়ে কটাক্ষ করেছিলেন। এমনকি এক অভিনেত্রী তাঁকে সিনেমায় অভিনয় না করার পরামর্শও দিয়েছিলেন।
তবে পলাশ স্পষ্ট করে জানান, সিনেমা কখনওই তাঁর প্রধান লক্ষ্য ছিল না। তিনি সিনেমায় এসেছিলেন মূলত গুলজারের লেখা একটি গান গাওয়ার সুযোগ পাওয়ার জন্য। সেই সুযোগ করে দিয়েছিলেন অনু মালিক।
পলাশ আরও লেখেন, এক সময় ইন্ডাস্ট্রির ধারণা হয়ে দাঁড়ায়— তিনি থাকলে ছবি নাকি সফল হবে না। সেই পরিস্থিতিতে তিনি সিনেমার গান গাওয়া ছেড়ে নিজের মতো করে স্বাধীনভাবে কাজ করার সিদ্ধান্ত নেন।
পলাশের মতে, অরিজিত সিংও আজ সেই একই সিদ্ধান্ত নিয়েছেন। আর সেই সিদ্ধান্তকে তিনি সম্মান জানান।
অরিজিতের প্লেব্যাক ছাড়ার ঘোষণার পর পলাশের এই বক্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে— শিল্পীর স্বাধীনতা বনাম ইন্ডাস্ট্রির কাঠামো, কোনটা বেশি জরুরি?






