ঝাঁ চকচকে বলিউডের আড়ম্বর থেকে বহু দূরে একেবারে আলাদা জীবন বেছে নিয়েছেন অক্ষয় কুমার (Akshay Kumar) এবং (Twinkle Khanna)-র ছেলে আরভ ভাটিয়া। মাত্র ১৫ বছর বয়সেই মুম্বইয়ের বিলাসবহুল জীবন ছেড়ে বিদেশে পাড়ি দেন তিনি। বর্তমানে লন্ডনেই থাকেন এবং নিজের মতো করে গড়ে তুলছেন ভবিষ্যৎ।
তারকাসন্তান হয়েও অভিনয়ের জগতে পা রাখার কোনও আগ্রহ নেই আরভের। বরং ফ্যাশন দুনিয়ায় নিজের পরিচিতি তৈরি করতে চান তিনি। জানা যাচ্ছে, ইতিমধ্যেই নিজের পছন্দের কাজও খুঁজে নিয়েছেন। যদিও তা আয় বা প্রভাবের দিক থেকে বাবার সঙ্গে তুলনীয় নয়, তবুও নিজের পরিশ্রমে পথ তৈরি করতেই বেশি স্বচ্ছন্দ আরভ।
ছেলেকে নিয়ে খোলামেলা কথা বলেছেন অক্ষয় নিজেই। তাঁর কথায়, “আমার ছেলে একেবারেই সিনেমা নিয়ে আগ্রহী নয়। বেচারা মাসে সাড়ে ৪ হাজার টাকা মাইনের চাকরি করে। আমি মনে করি, এটা খারাপ কিছু না। ও ফ্যাশন নিয়ে কিছু করতে চায়। বিভিন্ন গ্রামে গিয়ে ব্লক প্রিন্টিং বা অন্যান্য শিল্পকলা শেখে। আমি শুধু ওকে বলেছি, যা-ই কোরো, কখনও কারও ক্ষতি কোরো না।”
অক্ষয়ের মতে, আরভ খুবই সরল স্বভাবের। মানুষ চেনার অভিজ্ঞতা এখনও কম, সেটাই তাঁর দুশ্চিন্তার কারণ। যদিও বলিউডের একাংশ অক্ষয়কে ‘চতুর’ বলে মনে করে, নিজের অভিজ্ঞতা থেকেই তিনি ছেলেকে সতর্ক থাকতে বলেন।
তবে আরভের জীবনযাপনেই সবচেয়ে বেশি চমক লুকিয়ে। তিনি নিজের সমস্ত কাজ নিজেই করেন—রান্না থেকে শুরু করে জামাকাপড় কাচা, সবই নিজের হাতে সামলান। ফ্যাশন নিয়ে পড়াশোনা করলেও দামী পোশাকের প্রতি কোনও বিশেষ আকর্ষণ নেই তাঁর। বরং পুরনো জিনিসের প্রতিই বেশি টান। থ্রিফট স্টোর থেকে পুরনো জামাকাপড় কিনে পরতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।
প্রসঙ্গত, আরভের ব্যক্তিত্বে অনেকেই খুঁজে পান তাঁর দাদু রাজেশ খান্না (Rajesh Khanna)-র ছায়া। তবে অভিনয়ের বদলে সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটতেই আগ্রহী এই তরুণ। প্রায় ২৫০০ কোটির সম্পত্তির উত্তরাধিকারী হয়েও বিলাসবহুল জীবনের প্রতি অনাগ্রহ এবং নিজের চেষ্টায় প্রতিষ্ঠা পাওয়ার ইচ্ছাই আরভকে আলাদা করে তুলেছে।
সব মিলিয়ে, তারকাসন্তান হয়েও ‘স্টার কিড’ পরিচয়ের বাইরে বেরিয়ে নিজের মতো করে জীবন গড়ার এই গল্প এখন আলোচনার কেন্দ্রেই।







