West Bengal Railway Project: ভোটের মুখে পশ্চিমবঙ্গের জন্য বড় ঘোষণা এল কেন্দ্রের তরফে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন অর্থ বিষয়ক ক্যাবিনেট কমিটি একটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্পে সবুজ সংকেত দিয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলার রেল যোগাযোগ ব্যবস্থায় বড় উন্নতি হবে।
এই প্রকল্পের মাধ্যমে বীরভূমের সাঁইথিয়া থেকে ঝাড়খণ্ডের পাকুড় এবং সাঁতরাগাছি থেকে খড়গপুর পর্যন্ত রেললাইনে মাল্টি ট্র্যাকিং করা হবে। প্রকল্পটি সম্পূর্ণ হলে ভারতের রেল নেটওয়ার্কে নতুন করে ১৯২ কিলোমিটার লাইন যুক্ত হবে।
এই প্রকল্পের জন্য প্রায় ৪,৪৭৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০৩০-৩১ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
রেল প্রকল্পটি সম্পূর্ণ হলে প্রায় ৫ হাজার ৬৫২টি গ্রামের মানুষ সরাসরি উপকৃত হবেন। এর মধ্যে অধিকাংশ গ্রামই পশ্চিমবঙ্গে অবস্থিত, বাকি অংশ পড়েছে ঝাড়খণ্ডে। এছাড়াও মোট প্রায় ১ কোটি ৪৭ লক্ষ মানুষের উপকার হবে বলে মনে করা হচ্ছে।
পর্যটনের ক্ষেত্রেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বোলপুর শান্তিনিকেতন, তারাপীঠ, নন্দীকেশ্বরী মন্দির, রামেশ্বর কুণ্ড, পটচিত্র গ্রাম, ধাদিকা জঙ্গল এবং ভীমবাঁধ অভয়ারণ্যের মতো পর্যটন কেন্দ্রগুলিতে পৌঁছানো অনেক সহজ হবে।
শুধু পর্যটনই নয়, পণ্য পরিবহণের ক্ষেত্রেও এই প্রকল্প বড় সুবিধা দেবে। কয়লা, পাথর, ডলোমাইট, সিমেন্ট, জিপসাম, লৌহ-ইস্পাত এবং খাদ্যশস্য পরিবহণ আরও দ্রুত ও সহজ হবে।
প্রধানমন্ত্রী গতি শক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানের অধীনে এই রেল প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।






