LPG New Rule: রান্নার গ্যাস ব্যবহারে এবার বড় পরিবর্তন আনল কেন্দ্র সরকার। এলপিজি সিলিন্ডার বুকিংয়ের নিয়মে নতুন বিধি কার্যকর হয়েছে, যার ফলে গ্রাহকদের এখন আগের তুলনায় বেশি সময় অপেক্ষা করতে হবে।
নতুন নিয়ম অনুযায়ী, একটি Domestic LPG সিলিন্ডার নেওয়ার পর পরবর্তী সিলিন্ডার বুক করতে এখন অন্তত ২৫ দিন অপেক্ষা করতে হবে। আগে এই সময়সীমা ছিল ২১ দিন।
কেন এই সিদ্ধান্ত
সরকারি সূত্রের খবর, সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির কারণে অনেকেই আতঙ্কে দ্রুত গ্যাস সিলিন্ডার বুক করতে শুরু করেছিলেন। যেখানে সাধারণভাবে একটি পরিবার প্রায় ৫৫ দিনে একটি সিলিন্ডার ব্যবহার করে, সেখানে অনেক ক্ষেত্রে মাত্র ১৫ দিনের মধ্যেই রিফিল বুকিং করা হচ্ছিল।
এই পরিস্থিতিতে কালোবাজারি এবং অযথা মজুতদারি ঠেকাতে সরকার ২৫ দিনের ‘লক-ইন পিরিয়ড’ চালু করেছে।
গ্যাসের দামও বেড়েছে
গত ৭ মার্চ থেকে রান্নার গ্যাসের দামেও পরিবর্তন হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের অস্থিরতার কারণে এই বৃদ্ধি হয়েছে।
১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম ৬০ টাকা বেড়েছে। অন্যদিকে ১৯ কেজির কমার্শিয়াল সিলিন্ডারের দাম বেড়েছে ১১৫ টাকা।
সরবরাহ বজায় রাখতে সরকারের পরিকল্পনা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বেশ কয়েকটি বিকল্প পরিকল্পনাও গ্রহণ করেছে।
সরকার শোধনাগারগুলিকে এলপিজি উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে এবং বাণিজ্যিক সংযোগের তুলনায় ঘরোয়া রান্নার গ্যাস উৎপাদনে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।
এছাড়া ভারত আলজেরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা এবং নরওয়ের মতো দেশ থেকে এলপিজি আমদানির সম্ভাবনাও খতিয়ে দেখছে।
সরকারি সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে প্রায় ২৫ দিনের অপরিশোধিত তেলের মজুত রয়েছে।
তবে গ্যাসের দাম বাড়লেও আপাতত পেট্রল ও ডিজেলের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা নেই বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।





