রান্নার গ্যাসের সংযোগ সচল রাখতে ই-কেওয়াইসি সম্পূর্ণ করা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, আপাতত তাতে কিছুটা স্বস্তি। ১৬ অগস্টের মধ্যে প্রক্রিয়াটি শেষ করার যে সময়সীমা জানানো হয়েছিল, তা আরও কয়েক দিন বাড়ানো হয়েছে বলে গ্যাস ডিলারদের কাছে নির্দেশ পৌঁছেছে। নতুন সময়সীমা অনুযায়ী, ২৩ অগস্ট পর্যন্ত ই-কেওয়াইসি করার সুযোগ মিলবে বলে জানা গিয়েছে।
ইনডেন, এইচপি এবং ভারত গ্যাসের গ্রাহকদের জন্য আধারভিত্তিক ফেস অথেন্টিকেশনের মাধ্যমে এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে। তবে সরকারি স্তরে নতুন সময়সীমা নিয়ে পৃথক নির্দেশিকা এখনও প্রকাশ্যে আসেনি।
ইনডেন এলপিজি কুকিং গ্যাস ডিলার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিজন বিশ্বাস বলেন, ‘‘আমাদের কাছে নির্দেশ এসেছে ২৩ তারিখ পর্যন্ত ই-কেওয়াইসি করার মেয়াদ বাড়ানো হয়েছে।’’
কারা ই-কেওয়াইসি করবেন?
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের বাদ দিয়ে বাকি LPG গ্রাহকদের ই-কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে বলে জানা গিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রক্রিয়াটি সম্পূর্ণ না করলে ভবিষ্যতে রান্নার গ্যাসের জন্য অতিরিক্ত টাকা দিতে হতে পারে বলে আগে জানিয়েছিল কেন্দ্র। যদিও কত টাকা বেশি দিতে হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
এই নির্দেশ সামনে আসার পরেই ই-কেওয়াইসি সম্পূর্ণ করতে গ্রাহকদের মধ্যে তৎপরতা বাড়ে। বিশেষ করে ১৫ ও ১৬ অগস্ট ছুটি থাকায় অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া শেষ করা নিয়ে চিন্তায় ছিলেন। সেই পরিস্থিতিতে সময়সীমা বাড়ানোর খবর কিছুটা স্বস্তি দিচ্ছে।
বাড়িতে বসেই করা যাবে ই-কেওয়াইসি
ই-কেওয়াইসি করার জন্য গ্রাহককে সংশ্লিষ্ট গ্যাস সংস্থার অ্যাপ ব্যবহার করতে হবে। অনলাইনে আধারভিত্তিক ফেস ভেরিফিকেশনের জন্য ‘AadhaarFaceRD’ অ্যাপও প্রয়োজন হতে পারে। গ্যাস সংস্থার অ্যাপে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর আধারের মাধ্যমে পরিচয় যাচাই করা যাবে।
যাঁরা অনলাইনে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে স্বচ্ছন্দ নন, তাঁরা নিজেদের গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়েও ই-কেওয়াইসি করাতে পারবেন। সেক্ষেত্রে সঙ্গে আধার কার্ড রাখা প্রয়োজন।
অর্থাৎ, ১৬ অগস্টের বদলে আপাতত ২৩ অগস্ট পর্যন্ত সময় পাওয়ার কথা জানানো হয়েছে। ফলে এখনও ই-কেওয়াইসি না করা গ্রাহকদের হাতে প্রক্রিয়াটি শেষ করার জন্য আরও কয়েক দিন সময় থাকছে।







