অবসর জীবনে নিয়মিত আয়ের নিশ্চয়তা চাইলে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি-র একটি পেনশন পরিকল্পনা আপনার জন্য উপযোগী হতে পারে। সংস্থার LIC Smart Pension Plan এমন একটি স্কিম, যেখানে এককালীন টাকা বিনিয়োগ করলেই আজীবন নির্দিষ্ট হারে পেনশন পাওয়ার সুযোগ রয়েছে।
২০২৫ সালে চালু হওয়া এই পরিকল্পনাটি একটি Immediate Annuity Plan। অর্থাৎ, একবার প্রিমিয়াম জমা দেওয়ার পর থেকেই পেনশন দেওয়া শুরু হয়। যাঁরা অবসরের পর মাসিক বা নির্দিষ্ট সময় অন্তর নিশ্চিত আয় চান, তাঁদের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা তৈরি করা হয়েছে।
এই পেনশন প্ল্যানের অন্যতম বৈশিষ্ট্য হল, এটি শেয়ার বাজারের সঙ্গে যুক্ত নয়। ফলে বাজারের ওঠানামার কোনও প্রভাব পেনশনের উপর পড়ে না। পলিসি কেনার সময় যে হারে পেনশন নির্ধারিত হবে, আজীবন সেই হারেই অর্থ পাওয়া যাবে।
এই পরিকল্পনা এককভাবে বা স্বামী-স্ত্রী যৌথভাবে নেওয়া যায়। পেনশন মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক ভিত্তিতে নেওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি নির্দিষ্ট বিকল্পে প্রতি বছর ৩ শতাংশ বা ৬ শতাংশ হারে পেনশন বৃদ্ধির সুবিধাও পাওয়া যায়। ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস থেকে অবসর নেওয়া গ্রাহকদের জন্যও এই স্কিমে বিশেষ সুবিধার ব্যবস্থা রয়েছে। এছাড়া পলিসিধারীর মৃত্যুর পরে বিনিয়োগ করা মূল অর্থ মনোনীত ব্যক্তিকে ফেরত দেওয়ার বিকল্পও রাখা হয়েছে।
এই স্কিমে ন্যূনতম ১ লক্ষ টাকা বিনিয়োগ করা যায়। তবে সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। ফলে প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করতে পারেন গ্রাহক।
এলআইসি-র দেওয়া হিসেব অনুযায়ী, যদি কেউ প্রতি মাসে ২০ হাজার টাকার বেশি পেনশন পেতে চান, তাহলে তাঁকে এককালীন প্রায় ৩৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। সেই বিনিয়োগের ভিত্তিতে বছরে প্রায় ২ লক্ষ ৮৭ হাজার টাকা এবং মাসে প্রায় ২৩ হাজার ৯৪০ টাকা পেনশন পাওয়া সম্ভব।
অবসরপ্রাপ্ত সরকারি ও বেসরকারি কর্মী, প্রবীণ নাগরিক কিংবা যাঁরা চাকরি ছাড়ার পর নির্দিষ্ট মাসিক আয়ের ব্যবস্থা করতে চান, তাঁদের জন্য এই পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ বিকল্প হতে পারে। তবে বিনিয়োগের আগে নিজের আর্থিক প্রয়োজন এবং পরিকল্পনা অনুযায়ী সমস্ত শর্ত ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।






