‘মহিলাদের পছন্দের ক্ষেত্রেও রুচি দারুণ!’ তৃতীয় বিয়ের আগে আমিরকে খোঁচা কাজলের?

On: Sunday, June 14, 2026 6:09 PM
---Advertisement---

আর কয়েক দিনের অপেক্ষা। আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বলিউড তারকা আমির খান (Aamir Khan)। তৃতীয় বিয়ের প্রস্তুতির মাঝেই এবার তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মজার মন্তব্য করে আলোচনায় এলেন অভিনেত্রী কাজল (Kajol)।

সম্প্রতি লগণ (Lagaan)-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে মুম্বইয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক Ashutosh Gowariker, আমির খান এবং ছবির সঙ্গে যুক্ত একাধিক শিল্পী ও কলাকুশলী। অনুষ্ঠানে বলিউডের অনেক পরিচিত মুখও যোগ দেন। তাঁদের মধ্যে ছিলেন সালমান খান (Salman Khan), করিনা কাপুর খান (Kareena Kapoor Khan), কাজল, জুহি চাওলা (Juhi Chawla)-সহ আরও অনেকে।

অনুষ্ঠানে আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর হবু স্ত্রী গৌরী স্প্র্যাট। পাশাপাশি দেখা যায় আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাও (Kiran Rao) এবং রীনা দত্ত (Reena Dutta)-কেও। পারিবারিক উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও বিশেষ হয়ে ওঠে।

মঞ্চে আমিরকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে কাজল বলেন, “আমির খান সম্পর্কে একটা কথা বলা যায়, তাঁর প্রযোজনা সংস্থা বারবার প্রমাণ করেছে যে ছবি বাছাইয়ের ক্ষেত্রে তাঁর রুচি অসাধারণ। ‘লগান’ থেকে শুরু করে এখনও পর্যন্ত তাঁর ছবির নির্বাচন দুর্দান্ত। আর মহিলাদের পছন্দের ক্ষেত্রেও তাঁর রুচি খুব ভাল।”

কাজলের এই মন্তব্য শুনে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল ওঠে। আমিরকেও হাসতে দেখা যায়। মুহূর্তের মধ্যে সেই মন্তব্য অনুষ্ঠানের অন্যতম আলোচিত বিষয় হয়ে ওঠে।

এদিকে নিজের বিয়ে নিয়ে জল্পনারও অবসান ঘটিয়েছেন আমির। সম্প্রতি তিনি জানান, “এখন আমি আমেরিকা যাচ্ছি। তবে বিয়ের যে খবর ছড়িয়েছে তা সত্যি। ৫ জুলাই বিয়েটা হচ্ছে।”

২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে গৌরী স্প্র্যাটকে প্রথমবার প্রকাশ্যে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির। তারপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা চলছিল। অবশেষে সেই সম্পর্কই বিয়ের পরিণতি পেতে চলেছে।

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর তৃতীয় বিয়েকে ঘিরে অনুরাগীদের মধ্যে যেমন উৎসাহ রয়েছে, তেমনই সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। তবে সব আলোচনার মাঝেও ‘লগান’-এর মঞ্চে কাজলের হালকা মেজাজের মন্তব্য যে অনুষ্ঠানের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে, তা বলাই যায়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now