ঝলমলে আলো, ক্যামেরার ভিড়—বলিউড তারকাদের বিয়ে মানেই সাধারণত বড় আয়োজন। কিন্তু সেই ধারা ভেঙেই একেবারে নীরবে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল। ঘনিষ্ঠ পরিসরে, উত্তরাখণ্ডের পাহাড়ি পরিবেশে সম্পন্ন হয়েছে তাঁর বিয়ে।
নিজের জন্মভূমি দেরাদুন-কেই জীবনের এই বিশেষ দিনের জন্য বেছে নেন জুবিন। জানা যাচ্ছে, অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ ঐতিহ্যবাহী এবং ব্যক্তিগত—কোনও আড়ম্বর বা মিডিয়া উপস্থিতি ছাড়াই। পরিবারের সদস্য ও হাতে গোনা কয়েকজন কাছের মানুষকে নিয়েই এই বিয়ে সম্পন্ন হয়েছে।
সবচেয়ে বেশি চর্চার বিষয় হয়ে উঠেছে তাঁর স্ত্রীকে নিয়ে জল্পনা। এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্ত্রীর পরিচয় সামনে আনেননি গায়ক। তবে জানা যাচ্ছে, তিনি জুবিনের শৈশবের বন্ধু। চলতি বছরের Valentine’s Day-এ সোশ্যাল মিডিয়ায় একটি ঝলক শেয়ার করেছিলেন জুবিন, যা ঘিরেই প্রথম এই সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়।
এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “জুবিন বরাবরই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে খুব গোপনীয়তা বজায় রাখেন। তিনি বড় কোনও প্রকাশ্য উদযাপনের পরিবর্তে একটি অনাড়ম্বর ও ঐতিহ্যবাহী অনুষ্ঠান চেয়েছিলেন। বিয়েতে কেবল পরিবারের সদস্য এবং কয়েকজন খুব ঘনিষ্ঠ আত্মীয় উপস্থিত ছিলেন। তিনি তাঁর বিশেষ দিনটি প্রিয়জনদের সঙ্গে নীরবে উদযাপন করতে চেয়েছিলেন এবং এই অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি খুব খুশি।”
সংগীতজগতে এই মুহূর্তে সাফল্যের শিখরে রয়েছেন জুবিন। ‘Kaabil Hoon’, ‘Lut Gaye’, ‘Tum Hi Aana’-র মতো জনপ্রিয় গানের মাধ্যমে তিনি ইতিমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রথম সারির প্লেব্যাক গায়ক হিসেবে। তাঁর গাওয়া গানের সংখ্যা ২০০-রও বেশি।
কেরিয়ারের শুরুটা হয় ২০১১ সালে X Factor India-তে অংশগ্রহণের মাধ্যমে। এরপর ২০১৪ সালে ‘Ek Mulaqat’ গান দিয়ে বলিউডে পা রাখেন। ধীরে ধীরে একের পর এক হিট গানের মাধ্যমে শ্রোতাদের মনে জায়গা করে নেন।
বিয়ের খবর সামনে আসতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। সহকর্মী থেকে অনুরাগী—সকলেই নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন প্রিয় গায়ককে। এখন ভক্তদের একটাই অপেক্ষা—কবে সামনে আসবে সেই বিশেষ দিনের ছবি।






