Jan Aushadhi Kendra Business: কম খরচে নিজের ব্যবসা শুরু করতে চাইলে বড় সুযোগ দিচ্ছে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী জন ঔষধি প্রকল্পের অধীনে জনঔষধি কেন্দ্র খুলে আপনি যেমন ব্যবসা শুরু করতে পারেন, তেমনই সাধারণ মানুষকে সুলভ দামে ওষুধ দেওয়ার সুযোগ পাবেন। এই ব্যবসা শুরু করার জন্য সরকার ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তাও দিচ্ছে।
বর্তমানে চিকিৎসার খরচের একটি বড় অংশ চলে যায় ওষুধ কেনার পিছনে। ব্র্যান্ডেড ওষুধের দাম অনেক সময় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। এই সমস্যা কমাতেই সরকার দেশজুড়ে জনঔষধি কেন্দ্র বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
জনঔষধি কেন্দ্র আসলে কী?
এটি এমন এক ধরনের মেডিসিন স্টোর যেখানে জেনেরিক ওষুধ অত্যন্ত কম দামে বিক্রি করা হয়। এই ওষুধগুলির গুণমান ও কার্যকারিতা ব্র্যান্ডেড ওষুধের মতোই হলেও দাম প্রায় ৫০% থেকে ৯০% পর্যন্ত কম হয়।
সরকারের লক্ষ্য হল ২০২৭ সালের মার্চের মধ্যে দেশজুড়ে প্রায় ২৫,০০০ জনঔষধি কেন্দ্র স্থাপন করা।
কারা এই কেন্দ্র খুলতে পারবেন?
জনঔষধি কেন্দ্র খোলার জন্য নিচের ব্যক্তিরা আবেদন করতে পারেন –
• ব্যক্তিগত উদ্যোক্তা বা বেকার ফার্মাসিস্ট
• রেজিস্টার্ড ডাক্তার বা মেডিকেল প্র্যাকটিশনার
• এনজিও, চ্যারিটেবল ট্রাস্ট বা প্রাইভেট হাসপাতাল
• স্বীকৃত যে কোনও সংস্থা
যোগ্যতা কী?
এই ব্যবসা শুরু করতে হলে আবেদনকারীর নিজস্ব বা ভাড়ায় নেওয়া অন্তত ১২০ বর্গফুট জায়গা থাকতে হবে। পাশাপাশি আবেদনকারীকে B.Pharma বা D.Pharma ডিগ্রিধারী হতে হবে। যদি তা না থাকে, তাহলে একজন লাইসেন্সপ্রাপ্ত ফার্মাসিস্ট নিয়োগ করতে হবে।
সরকার কত টাকা সাহায্য দিচ্ছে?
জনঔষধি কেন্দ্র খোলার ক্ষেত্রে সরকার বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা দেয়।
• সাধারণ ইনসেনটিভ – সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত (মাসিক ক্রয়ের ১৫% হারে, প্রতি মাসে সর্বোচ্চ ২০,০০০ টাকা)
• বিশেষ অনুদান – ২ লক্ষ টাকা পর্যন্ত
এই বিশেষ অনুদান সাধারণত মহিলা উদ্যোক্তা, SC/ST, প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের দেওয়া হয়।
এই টাকার মধ্যে –
• ১.৫০ লক্ষ টাকা দোকানের ফার্নিচার ও ফিক্সচারের জন্য
• ৫০,০০০ টাকা কম্পিউটার, প্রিন্টার ও ইন্টারনেটের জন্য দেওয়া হয়।
কীভাবে আবেদন করবেন?
জনঔষধি কেন্দ্র খোলার আবেদন এখন সম্পূর্ণ অনলাইনে করা যায়।
১. janaushadhi.gov.in ওয়েবসাইটে যান
২. ‘Apply Online’ অপশনে ক্লিক করুন
৩. মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন
৪. ব্যক্তিগত তথ্য ও দোকানের তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন
৫. আধার কার্ড, প্যান কার্ড, ফার্মাসিস্ট সার্টিফিকেট ও জায়গার নথি আপলোড করুন
সব তথ্য যাচাই হওয়ার পর আবেদন অনুমোদিত হলে আপনি আপনার এলাকায় জনঔষধি কেন্দ্র খুলতে পারবেন।
সব মিলিয়ে কম বিনিয়োগে ব্যবসা শুরু করতে চাইলে জনঔষধি কেন্দ্র একটি লাভজনক ও স্থায়ী আয়ের সুযোগ হয়ে উঠতে পারে।








