পাওয়ারব্যাঙ্কের ব্যবহার এতদিন মূলত স্মার্টফোন, ট্যাবলেট বা ল্যাপটপের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু প্রযুক্তির অগ্রগতির সঙ্গে এবার সেই ধারণা বদলাতে শুরু করেছে। বাজারে এসেছে এমন এক বিশেষ ডিভাইস, যা বিদ্যুৎ না থাকলেও ঘণ্টার পর ঘণ্টা ফ্রিজ চালু রাখতে সক্ষম।
প্রযুক্তি সংস্থা Jackery তৈরি করেছে ‘FridgeGuard’ নামে একটি নতুন ডিভাইস। মূলত এটি ফ্রিজের জন্য বিশেষভাবে তৈরি ব্যাকআপ পাওয়ার সিস্টেম, যা বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পরও ফ্রিজকে সচল রাখে। সংস্থার দাবি, একবার সম্পূর্ণ চার্জ থাকলে এই ডিভাইসের সাহায্যে টানা ১৫ ঘণ্টা পর্যন্ত ফ্রিজ চালানো সম্ভব।
ডিভাইসটির নকশাও বেশ অভিনব। মাত্র ২.৬ ইঞ্চি পুরু হওয়ায় এটি সহজেই ফ্রিজের উপরে রাখা যায়। বাইরে থেকে দেখলে অনেক ক্ষেত্রেই মনে হতে পারে, এটি ফ্রিজেরই একটি অংশ। যাঁদের ফ্রিজের উপরে জায়গা নেই, তাঁদের জন্য স্ট্যান্ডের ব্যবস্থাও রাখা হয়েছে। ফলে ফ্রিজের পাশে মেঝেতেও এটি রাখা যায়।
FridgeGuard-এর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর স্বয়ংক্রিয় ব্যাকআপ ব্যবস্থা। ডিভাইসটি সবসময় বিদ্যুতের সংযোগে থাকে এবং চার্জ হতে থাকে। বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই এটি ফ্রিজে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। সংস্থার দাবি, মাত্র ১০ মিলিসেকেন্ডের মধ্যেই এই পরিবর্তন ঘটে। ফলে ফ্রিজ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে না এবং ভিতরে রাখা খাবার বা ওষুধের মতো সংবেদনশীল জিনিসও নিরাপদ থাকে।
প্রয়োজনে ব্যবহারকারীরা আরও একটি ইউনিট যুক্ত করে ব্যাকআপ সময় ৩০ ঘণ্টা পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটির বিভিন্ন ফিচার নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের সুবিধাও রয়েছে।
ব্যবহার পদ্ধতিও তুলনামূলকভাবে সহজ। প্রথমে ডিভাইসটিকে সরাসরি বিদ্যুতের সকেটের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর ফ্রিজের প্লাগ FridgeGuard-এ সংযুক্ত করলেই সেটআপ সম্পূর্ণ।
তবে আপাতত ভারতীয় বাজারে এই ডিভাইস পাওয়া যাচ্ছে না। বিদেশের নির্দিষ্ট অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এটি কেনা সম্ভব। বর্তমানে এর দাম ৫৫৯.৯৯ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৭ হাজার টাকার কাছাকাছি। প্রাথমিক ছাড়সহ এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট হয় এমন এলাকায় বা খাবার ও ওষুধ দীর্ঘ সময় ঠান্ডা রাখার প্রয়োজন থাকলে এই ধরনের প্রযুক্তি ভবিষ্যতে আরও জনপ্রিয় হয়ে উঠতে পারে।







