ছেঁড়া নোটের ঝামেলা শেষ হতে চলেছে? ভারতে আসতে পারে প্লাস্টিকের টাকা

On: Friday, May 29, 2026 2:39 PM
---Advertisement---

বাসের কন্ডাক্টর থেকে অটোর চালক— ছেঁড়া বা জীর্ণ নোট নিয়ে প্রতিদিনই নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে ১০ ও ২০ টাকার নোট নিয়ে সমস্যার শেষ নেই। এই পরিস্থিতিতে কাগজের নোটের বদলে আরও টেকসই ‘পলিমার নোট’ চালুর ভাবনাচিন্তা ফের শুরু করেছে Reserve Bank of India।

সূত্রের খবর, খুব শিগগিরই পরীক্ষামূলক ভাবে বা পাইলট প্রকল্পের মাধ্যমে দেশে পলিমার ব্যাঙ্কনোট চালু করা হতে পারে। নোট ছাপানোর বাড়তি খরচ, দ্রুত নষ্ট হয়ে যাওয়া কাগজের নোট এবং বাজারে নগদের চাহিদা— সব কিছু মিলিয়েই এই বিকল্প নিয়ে গুরুত্ব সহকারে ভাবছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

সম্প্রতি পটনা এবং মুম্বইয়ে আরবিআইয়ের বোর্ড বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। কাগজের নোটের তুলনায় পলিমার নোট অনেক বেশি টেকসই হওয়ায় দীর্ঘমেয়াদে খরচও কমতে পারে বলে মনে করা হচ্ছে।

সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৪-২৫ অর্থবর্ষে নোট ছাপাতে প্রায় ৬ হাজার ৩৭২ কোটি টাকার বেশি খরচ হয়েছে আরবিআইয়ের। আগের অর্থবর্ষে সেই খরচ ছিল প্রায় ৫ হাজার ১০১ কোটি টাকা। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

পলিমার নোট মূলত বিশেষ ধরনের প্লাস্টিক ফিল্ম দিয়ে তৈরি হয়, যাকে বলা হয় বাই-অ্যাক্সিয়ালি ওরিয়েন্টেড পলিপ্রপেলিন। বিশেষ কালি ব্যবহার করে এই নোট ছাপানো হয়। জল লাগা, ভাঁজ পড়া বা দীর্ঘ ব্যবহারে সাধারণ কাগজের নোটের মতো সহজে ক্ষতি হয় না। বিশেষজ্ঞদের মতে, কাগজের নোটের তুলনায় এই নোট আড়াই থেকে চার গুণ বেশি দিন ব্যবহার করা যায়।

বিশ্বের একাধিক দেশে ইতিমধ্যেই পলিমার নোট চালু রয়েছে। ১৯৮৮ সালে প্রথম এই ব্যবস্থা শুরু করে Australia। পরে Canada, United Kingdom, New Zealand, Vietnam এবং Maldives-সহ বহু দেশ এই পথে হেঁটেছে।

ভারতে অবশ্য এই ভাবনা নতুন নয়। ২০০৯ সালেই পরীক্ষামূলক ভাবে ১০ টাকার পলিমার নোট ছাপানোর পরিকল্পনা হয়েছিল। পরে ২০১৫-১৬ সালেও কয়েকটি শহরে তা চালুর প্রস্তাব ওঠে। কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।

তবে এবার পরিস্থিতি অনেকটাই আলাদা। দ্রুত নষ্ট হওয়া কাগজের নোট নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ যেমন বাড়ছে, তেমনই পরিবেশ ও খরচ— দুই দিক থেকেই বিকল্প ভাবতে বাধ্য হচ্ছে আরবিআই। ফলে প্লাস্টিকের নোট সত্যিই এ বার ভারতীয় বাজারে আসে কি না, এখন সেদিকেই নজর।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now