হারের ধাক্কা বড়ই ছিল। তবু মুখে উদ্বেগের ছাপ নেই ভারত অধিনায়কের।
India vs South Africa match: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানের বড় ব্যবধানে হার মানতে হয়েছে ভারতকে। টানা ১২ ম্যাচ জয়ের পর এই পরাজয় স্বাভাবিক ভাবেই প্রশ্ন তুলেছে দলের পারফরম্যান্স নিয়ে। তবে ম্যাচ শেষে নির্লিপ্ত ভঙ্গিতেই পরিস্থিতি ব্যাখ্যা করলেন সূর্যকুমার যাদব।
১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। পাওয়ার প্লে-র মধ্যেই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় দল। সেখান থেকে আর বড় জুটি গড়ে উঠেনি।
ম্যাচ শেষে অধিনায়ক স্পষ্ট জানালেন, বোলারদের দিকে আঙুল তুলতে রাজি নন তিনি। তাঁর মতে, বোলিং বিভাগ নিজেদের কাজ যথেষ্ট ভালোভাবেই করেছে। ইনিংসের শুরু এবং শেষ দিকে নিয়ন্ত্রণ ছিল ভারতের হাতেই। মাঝের ওভারগুলোতেই ম্যাচ ঘুরে যায়।
সূর্য বলেন, ১৮৫ রানের বেশি লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লে-তেই ম্যাচ হেরে বসেছে দল। শুরুতেই অতিরিক্ত উইকেট হারানোই বড় ক্ষতি ডেকে আনে। ব্যাটাররা দায়িত্ব নিতে না পারাতেই এই হার।
তবে এই পরাজয়ে ভেঙে পড়ছেন না ভারত অধিনায়ক। এখনও সুপার এইটে দু’টি ম্যাচ বাকি। সেই দুই ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা রাখছেন তিনি। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং—তিন বিভাগেই উন্নতির কথা বলেছেন সূর্য।
গত বারের চ্যাম্পিয়ন হিসেবে এবং দেশের মাটিতে খেলায় স্বাভাবিকভাবেই বাড়তি প্রত্যাশা রয়েছে ভারতের উপর। গ্রুপ পর্বে অপরাজিত থাকলেও ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব চোখে পড়েছিল। সুপার এইটের প্রথম ম্যাচেও সেই সমস্যা স্পষ্ট।
সব মিলিয়ে চাপ বাড়লেও অধিনায়কের বার্তা পরিষ্কার—এই হার থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে চায় ভারত।








