ডাকঘরের মাধ্যমে নথি বা বিভিন্ন সামগ্রী পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল ভারতীয় ডাক বিভাগ। প্রথমবারের মতো ‘ডকুমেন্ট’ কাকে বলা হবে, তার স্পষ্ট সংজ্ঞা প্রকাশ করেছে সংস্থা। একই সঙ্গে ২৪ ঘণ্টা এবং ৪৮ ঘণ্টার স্পিড পোস্ট পরিষেবার নতুন চার্জও জানানো হয়েছে। ফলে এখন থেকে কোনও জিনিস ডকুমেন্ট হিসেবে পাঠানো যাবে, আর কোনটি পার্সেল হিসেবে গণ্য হবে, তা নিয়ে বিভ্রান্তি অনেকটাই কমবে।
নতুন নিয়ম অনুযায়ী, চিঠি, মুদ্রিত কাগজপত্র এবং এমন কিছু সামগ্রী, যেগুলির বাণিজ্যিক মূল্য নেই বা বিক্রি করে আর্থিক লাভ করা যায় না, সেগুলিকে ডকুমেন্ট হিসেবে ধরা হবে। এর বাইরে থাকা সমস্ত সামগ্রী পার্সেল বিভাগের আওতায় পড়বে।
ডাক বিভাগের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ব্যাঙ্কিং, আর্থিক পরিষেবা এবং বিমা সংক্রান্ত একাধিক নথিও ডকুমেন্ট হিসেবে বিবেচিত হবে। এর মধ্যে রয়েছে ওয়েলকাম কিট, পাসবুক, চেকবুক, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং অন্যান্য অনুরূপ নথি।
এ ছাড়াও আধার কার্ড, প্যান কার্ড, ভোটার পরিচয়পত্র, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্সের মতো সরকারি পরিচয়পত্রও ডকুমেন্ট হিসেবেই পাঠানো যাবে। রাখির খাম বা প্যাকেট এবং ৫০০ গ্রাম পর্যন্ত অ-বাণিজ্যিক গ্রিটিংস কার্ডও এই বিভাগের অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত তালিকার বাইরে থাকা সব ধরনের সামগ্রী পার্সেল হিসেবে পাঠাতে হবে। তাই কোনও জিনিস পাঠানোর আগে সেটি কোন বিভাগে পড়ছে, তা যাচাই করে নেওয়া জরুরি।
ডাক বিভাগ ২৪ ঘণ্টা এবং ৪৮ ঘণ্টার স্পিড পোস্ট পরিষেবার নতুন চার্জও প্রকাশ করেছে। খুচরো গ্রাহকদের ক্ষেত্রে ৫১ থেকে ২৫০ গ্রাম ওজনের প্যাকেট পাঠাতে ১১৮ থেকে ১৫৪ টাকা এবং ২৫১ থেকে ৫০০ গ্রাম ওজনের জন্য ১৪০ থেকে ১৮৬ টাকা পর্যন্ত খরচ হতে পারে। চূড়ান্ত চার্জ নির্ভর করবে গন্তব্য এবং পরিষেবার ধরনের উপর।
অন্যদিকে, বাল্ক গ্রাহকদের জন্য ২৪ ঘণ্টার স্পিড পোস্ট পরিষেবার চার্জ ৩৮ থেকে ১০০ টাকা এবং ৪৮ ঘণ্টার পরিষেবার চার্জ ৪৮ থেকে ৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। খুচরো গ্রাহকদের ক্ষেত্রে ৪৮ ঘণ্টার স্পিড পোস্ট পরিষেবায় প্রতি প্যাকেটের জন্য ৬১ থেকে ১২১ টাকা পর্যন্ত চার্জ ধার্য হতে পারে।
বর্তমানে ২৪ ঘণ্টা এবং ৪৮ ঘণ্টার স্পিড পোস্ট পরিষেবা দেশের মাত্র ছয়টি শহরে চালু রয়েছে। এই তালিকায় রয়েছে দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ। নতুন নিয়ম কার্যকর হওয়ায় নথি ও পার্সেল পাঠানোর ক্ষেত্রে গ্রাহকদের জন্য প্রক্রিয়াটি আরও স্বচ্ছ এবং সহজ হবে বলে মনে করা হচ্ছে।






