শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল।
ICC T20 World Cup 2026-এর সুপার এইট পর্ব শুরু হল বৃষ্টির দাপটে। পাকিস্তান ও নিউ জিল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচটি কলম্বোয় এক বলও গড়াল না। আবহাওয়ার কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
শ্রীলঙ্কায় আয়োজিত এই বিশ্বকাপে আগেও একাধিক ম্যাচে প্রভাব ফেলেছে বৃষ্টি। শনিবার কলম্বোয় বৃষ্টির পূর্বাভাস ছিল আগেই। সন্ধ্যায় সাময়িকভাবে বৃষ্টি থামায় নির্ধারিত সময়েই টস হয়। টসে জিতে পাকিস্তান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
কিন্তু খেলা শুরু হওয়ার আগেই ফের নামে বৃষ্টি। মাঠ ঢেকে ফেলেন গ্রাউন্ডস্টাফরা। প্রথমে আশা করা হয়েছিল, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। কিন্তু সময়ের সঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়তে থাকে। ওভার কমানোর হিসাব শুরু হয়।
পাঁচ ওভারের ম্যাচ শুরু করার শেষ সময় নির্ধারিত ছিল রাত ১০টা ১৬ মিনিট। তবে রাত ৯টা ১০ মিনিটের মধ্যেই আম্পায়াররা বুঝে যান, আবহাওয়া অনুকূলে না ফিরলে নির্ধারিত সময়ের মধ্যে খেলা শুরু করা সম্ভব নয়। পরিস্থিতি পর্যালোচনা করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
দুই অধিনায়ক পাকিস্তানের সলমন আলি আঘা ও নিউ জিল্যান্ডের মিচেল স্যান্টনার একে অপরের সঙ্গে হাত মিলিয়ে সিদ্ধান্ত মেনে নেন।
ম্যাচ না হওয়ায় দুই দলই পেল ১ পয়েন্ট করে। সুপার এইটের মতো গুরুত্বপূর্ণ পর্বে প্রতিটি পয়েন্টের আলাদা গুরুত্ব রয়েছে। সেমিফাইনালের দৌড়ে শুরুতেই পূর্ণ ২ পয়েন্ট হাতছাড়া হওয়ায় কিছুটা চাপে পড়ল দুই দলই।
বৃষ্টির বাধায় হতাশ ক্রিকেটার ও সমর্থকেরা। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ লড়াই এভাবে ভেস্তে যাওয়ায় প্রশ্ন উঠছে আবহাওয়ার অনিশ্চয়তা নিয়ে।








