দেশের দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের চিকিৎসার খরচ কমাতে কেন্দ্র সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY)। পশ্চিমবঙ্গেও চালু হয়েছে এই প্রকল্প। এর আওতায় একটি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পেতে পারে। তবে অনেকেরই ধারণা, একবার আয়ুষ্মান কার্ড তৈরি হয়ে গেলে পরে আর পরিবারের নতুন সদস্যের নাম যোগ করা যায় না। বাস্তবে কিন্তু সেই ধারণা ঠিক নয়।
বিয়ে, সন্তানের জন্ম বা অন্য কোনও কারণে পরিবারে নতুন সদস্য যুক্ত হলে নির্দিষ্ট নিয়ম মেনে তাঁর নামও আয়ুষ্মান কার্ডে অন্তর্ভুক্ত করা যায়। ফলে পরিবারের প্রত্যেক যোগ্য সদস্যই প্রকল্পের স্বাস্থ্যসেবার সুবিধা পাওয়ার সুযোগ পান।
কারা নতুন করে নাম যুক্ত করতে পারবেন?
যোগ্য পরিবারের ক্ষেত্রে বিবাহের পর নতুন পুত্রবধূর নাম যোগ করা যায়। এছাড়া নবজাতক সন্তানের নামও অন্তর্ভুক্ত করা সম্ভব। এমন কোনও সদস্য থাকলে, যাঁর নাম আগে কার্ডে যুক্ত হয়নি, তাঁর নামও নির্ধারিত প্রক্রিয়ায় নথিভুক্ত করা যেতে পারে।
আবেদন করার জন্য দুটি পথ রয়েছে। চাইলে বাড়িতে বসেই অনলাইনে আবেদন করা যাবে। এছাড়া নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার (CSC)-এ গিয়ে অথবা আয়ুষ্মান ভারতের তালিকাভুক্ত সরকারি বা বেসরকারি হাসপাতালে কর্মরত ‘আয়ুষ্মান মিত্র’-এর সাহায্য নিয়েও নতুন সদস্যের নাম যোগ করা সম্ভব।
নাম যুক্ত করতে কিছু প্রয়োজনীয় নথিও জমা দিতে হবে। নতুন পুত্রবধূর ক্ষেত্রে বিবাহের শংসাপত্র, পরিবারের বিদ্যমান আয়ুষ্মান কার্ড এবং তাঁর আধার কার্ড প্রয়োজন হবে। অন্যদিকে নবজাতক শিশুর নাম অন্তর্ভুক্ত করতে হলে জন্ম শংসাপত্রের পাশাপাশি মা অথবা বাবার আয়ুষ্মান কার্ড জমা দিতে হবে।
অনলাইনে আবেদন করতে হলে প্রথমে আয়ুষ্মান ভারতের অফিসিয়াল বেনিফিশিয়ারি পোর্টালে লগ ইন করতে হবে। মোবাইল নম্বর ও ওটিপির মাধ্যমে লগ ইন করার পর আয়ুষ্মান কার্ডের তথ্যের মধ্যে গিয়ে ‘নতুন সদস্য’ অপশন নির্বাচন করতে হবে। এরপর নতুন সদস্যের প্রয়োজনীয় তথ্য পূরণ করে প্রাসঙ্গিক নথি আপলোড করতে হবে। ওটিপি যাচাই সম্পূর্ণ হওয়ার পর আবেদনটি যাচাই করা হবে। সমস্ত তথ্য সঠিক থাকলে সংশ্লিষ্ট সদস্যের নামে নতুন আয়ুষ্মান কার্ড ইস্যু করা হবে।
পরিবারে নতুন সদস্য যুক্ত হওয়ার পর যত দ্রুত সম্ভব তাঁর নাম আয়ুষ্মান কার্ডে অন্তর্ভুক্ত করে নেওয়া উচিত। এতে প্রয়োজনের সময় তিনিও প্রকল্পের অধীনে নির্ধারিত স্বাস্থ্য পরিষেবার সুবিধা পেতে পারবেন।






