বিধানসভা ভোট ঘোষণার আগেই রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রোপা ২০০৯ অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতার (DA) ২৫ শতাংশ পরিশোধ করা হবে বলে জানিয়েছেন তিনি। চলতি বছরের মার্চ মাস থেকেই এই বকেয়া ডিএ এবং ডিআর দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
এই ঘোষণার ফলে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা ঢুকতে পারে। প্রাথমিক হিসাব অনুযায়ী গ্রুপ ডি কর্মীরা প্রায় এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। গ্রুপ সি কর্মীদের ক্ষেত্রে এই অঙ্ক প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি হতে পারে। আর গ্রুপ এ কর্মীদের ক্ষেত্রে বকেয়া ডিএ-র পরিমাণ তিন লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ টাকার মধ্যে হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
২০০৯ থেকে ২০১৯ সালের বকেয়া এরিয়ার হিসাব ধরলে এই অঙ্ক আরও বাড়তে পারে। সেই ক্ষেত্রে গ্রুপ ডি কর্মীদের মোট প্রাপ্য প্রায় চার লক্ষ টাকার বেশি হতে পারে। গ্রুপ সি কর্মীদের ক্ষেত্রে তা ছয় লক্ষ টাকার কাছাকাছি পৌঁছতে পারে বলে সরকারি মহলের প্রাথমিক হিসাব।
পেনশনভোগীরাও এই সিদ্ধান্তের আওতায় থাকছেন। মাসে সাত থেকে আট হাজার টাকা পেনশন পাওয়া অবসরপ্রাপ্ত গ্রুপ ডি কর্মীরা প্রায় এক লক্ষ টাকার মতো পেতে পারেন। আবার মাসে প্রায় দশ হাজার টাকা পেনশন পাওয়া অবসরপ্রাপ্ত গ্রুপ সি কর্মীদের ক্ষেত্রে সেই অঙ্ক প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি হতে পারে।
প্রসঙ্গত বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছিল। এই মামলায় রাজ্যকে বকেয়া ডিএর ২৫ শতাংশ দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনেই এবার বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করল রাজ্য সরকার।






