পাঁচ বছর আগের পোস্ট ঘিরে মামলা, পরমব্রতকে অন্তর্বর্তী স্বস্তি দিল হাই কোর্ট

On: Friday, May 29, 2026 12:01 PM
---Advertisement---

সমাজমাধ্যমে করা পাঁচ বছর পুরনো একটি মন্তব্যকে ঘিরে দায়ের হওয়া মামলায় আপাতত স্বস্তি পেলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay)। আগামী চার সপ্তাহ তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ বলে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। তবে তদন্ত প্রক্রিয়া চলবে এবং সেই তদন্তে অভিনেতাকে সহযোগিতা করার নির্দেশও দিয়েছে আদালত।

শুক্রবার বিচারপতি অজয় কুমার মুখার্জি-র এজলাসে মামলার শুনানি হয়। আদালত জানায়, তদন্তের অগ্রগতি নিয়ে পরবর্তী শুনানির দিনে রিপোর্ট জমা দিতে হবে রাজ্য সরকারকে।

ঘটনার সূত্র ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন। অভিযোগ, ২ মে সমাজমাধ্যমে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন পরমব্রত। পরে সেই পোস্টকে সমর্থন করে মন্তব্য করেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। সেই ঘটনাকে কেন্দ্র করেই চলতি বছরের ২১ মে গড়িয়াহাট পুলিশ স্টেশনে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

শুক্রবার আদালতে পরমব্রতের হয়ে সওয়াল করেন আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য, অভিযোগের কোনও বাস্তব ভিত্তি নেই এবং ওই মন্তব্যের জেরে কারও ক্ষতির প্রমাণও সামনে আসেনি। ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ও ১০৯ ধারায় দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদনও জানান তিনি। একই সঙ্গে প্রশ্ন তোলেন, এত বছর পরে আচমকা এই মামলা সামনে আনার কারণ কী।

এই মামলায় ইতিমধ্যেই হাজিরা দিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। গত ২৩ মে গড়িয়াহাট থানায় প্রায় এক ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

অভিযোগকারী আইনজীবীর দাবি, ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার আবহে পরমব্রত ও স্বস্তিকার মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছিল। তাঁর অভিযোগ, জনপ্রিয় মুখ হওয়ায় তাঁদের বক্তব্যে প্রভাবিত হয়ে রাজনৈতিক হিংসার ঘটনাও ঘটেছিল। বিজেপি কর্মীদের উপর হামলা, অগ্নিসংযোগ, এমনকি নারী নির্যাতনের ঘটনাতেও সেই মন্তব্য পরোক্ষ ভাবে প্ররোচনা জুগিয়েছিল বলে দাবি অভিযোগকারীর।

যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিনেতা পক্ষ। এখন নজর আদালতের পরবর্তী শুনানির দিকে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now